দেশে এআই ডেটা সেন্টার নির্মাণে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এডিক। এ বিষয়ে সরকারের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা চলছে প্রতিষ্ঠানটির। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়ায় ডিসেম্বরে বাংলাদেশে আসতে পারে এডিকের একটি প্রতিনিধিদল।
জানা যায়, দেশে ফ্রন্টিয়ার এআই ডেটা সেন্টার ও কোয়ান্টাম-রেডি অবকাঠামো গড়ে তুলতে আগ্রহী এডিক। এ প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগ প্রায় দুই বিলিয়ন ডলার। সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এডিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), এআই অবকাঠামো স্থপতি এস এম আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, ‘সম্প্রতি মন্ত্রীর সঙ্গে এআই ডেটা সেন্টার প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির আইসিটিবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান অ্যাপোলো যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।’
তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো, ফ্রন্টিয়ার এআই ডেটা সেন্টার ও এর প্রয়োজনীয় অবকাঠামোকে বাংলাদেশের একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে প্রতিষ্ঠা করা। দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে এ প্রকল্পের যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। সে বিবেচনায় আমাদের আলোচনা অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক হয়েছে।’
মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। প্রকল্পের জন্য যেসব সহযোগিতা, সুযোগ-সুবিধা ও সম্পদের প্রয়োজন হবে, সেগুলো নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট জায়গাগুলোতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।-এস এম আনিসুর রহমান
প্রকল্প বাস্তবায়নে মন্ত্রীর আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। প্রকল্পের জন্য যেসব সহযোগিতা, সুযোগ-সুবিধা ও সম্পদের প্রয়োজন হবে, সেগুলো নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট জায়গাগুলোতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।’
এ প্রকল্প দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এস এম আনিসুর রহমান। তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর বড় বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। ফ্রন্টিয়ার এআই ডেটা সেন্টার প্রকল্পটি দেশের অর্থনীতির চাকা সচল করার ক্ষেত্রে মাইলফলক হতে পারে।’
শিক্ষা ও গবেষণায়ও এ প্রকল্প বড় সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন তিনি। তার মতে, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে এআইভিত্তিক গবেষণা, নতুন পণ্য উদ্ভাবন, বৃহৎ ভাষাভিত্তিক মডেল (এলএলএম) তৈরি এবং রোবোটিকস নিয়ে কাজের সুযোগ বাড়বে। এতে দেশের তরুণ গবেষক ও প্রযুক্তিবিদরা আন্তর্জাতিক মানের উদ্ভাবনে যুক্ত হতে পারবেন।
প্রতিবেশী দেশগুলোর এআই অবকাঠামোয় বড় বিনিয়োগের কথা উল্লেখ করে এস এম আনিসুর রহমান বলেন, ‘গত ১২ মাসে বাংলাদেশের আশপাশের দেশগুলোতে এআই অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগ হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো এ ধরনের বড় বিনিয়োগ আসেনি। বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নিতে হলে বাংলাদেশকেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করতে হবে।’
তবে শুধু ডেটা সেন্টার নির্মাণ নয়, এআই প্রযুক্তির নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে তথ্য সুরক্ষা আইন এবং এআই পরিচালনার কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি। আন্তর্জাতিক মান ও নীতিমালা অনুসরণ না করলে দেশের এআই পণ্য ও প্রযুক্তির বৈশ্বিক গ্রহণযোগ্যতা তৈরি কঠিন হবে।’
এস এম আনিসুর রহমান বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।’
প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়েও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তার মতে, এআই ডেটা সেন্টার পরিচালনায় বিদ্যুৎ ও পানির ব্যবহার বড় চ্যালেঞ্জ। তাই পরিবেশগত, সামাজিক ও সুশাসন সংক্রান্ত (ইএসজি) মানদণ্ড অনুসরণ করে অবকাঠামো নির্মাণ করতে হবে। বিদ্যুতের কতটুকু নবায়নযোগ্য উৎস থেকে আসবে এবং পানির ব্যবহার কীভাবে পরিবেশসম্মত রাখা যাবে, সেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের ডেটা সেন্টারটি পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামোর একটি আন্তর্জাতিক মডেল হয়ে উঠুক। আমরা এমন একটি স্থাপনা তৈরি করতে চাই, যা উন্নয়নশীল দেশগুলোর জন্যও অনুসরণযোগ্য হবে।’
প্রকল্পটির প্রযুক্তিগত মান তুলে ধরে এস এম আনিসুর রহমান বলেন, ‘আমি মন্ত্রী মহোদয়কে বলেছি, বাংলাদেশকে আমরা একটি রোলস রয়েসের মতো এআই ডেটা সেন্টার উপহার দিতে চাই। অর্থাৎ এটি হবে এমন একটি আন্তর্জাতিক মানের অবকাঠামো, যার সক্ষমতা, নকশা ও প্রযুক্তিগত উৎকর্ষ বিশ্বমানের উদাহরণ হিসেবে বিবেচিত হবে।’
দেশে এআই ডেটা সেন্টার নির্মাণে যুক্তরাজ্যভিত্তিক এডিকের আগ্রহকে সরকার ইতিবাচকভাবে নিয়েছে। এরই মধ্যে মন্ত্রীর সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধির বৈঠক হয়েছে। প্রতিনিধিদলটি বাংলাদেশে আসবে। মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।-ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা
তিনি জানান, মন্ত্রী আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সে অনুযায়ী আগামী ডিসেম্বরে প্রকল্পটি নিয়ে সরাসরি বৈঠকের আশা করছেন তারা। প্রতিষ্ঠানের অন্য প্রতিনিধির অংশগ্রহণ ব্যবসায়িক পরিস্থিতি ও সময়সূচির ওপর নির্ভর করবে। প্রয়োজনে পরিচালনা পর্ষদের প্রতিনিধি বা সদস্যরা সরাসরি উপস্থিত থাকবেন, অন্যরা অনলাইনে যুক্ত হবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামকে হোয়াটসঅ্যাপে কল দিলে তিনি দেশের বাইরে আছেন বলে জানান। মেসেজ করলেও তিনি সাড়া দেননি।
পরে নাম প্রকাশ না করার শর্তে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘দেশে এআই ডেটা সেন্টার নির্মাণে যুক্তরাজ্যভিত্তিক এডিকের আগ্রহকে সরকার ইতিবাচকভাবে নিয়েছে। এরই মধ্যে মন্ত্রীর সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধির বৈঠক হয়েছে। প্রতিনিধিদলটি বাংলাদেশে আসবে। মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
বাংলাদেশে এআই ডেটা সেন্টার স্থাপনে যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। গাজীপুরের কালিয়াকৈর ও সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
সূত্র : জাগো নিউস ২৪