মনিরুল ইসলাম : মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা তাঁর দোয়া ও পরামর্শ গ্রহণ করেন।
মঙ্গলবার ১০ নভেম্বর সন্ধ্যায় অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মির্জা আব্বাসের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর দোয়া কামনা করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা এবং ঢাকা মহানগর দক্ষিণে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে তাঁর পরামর্শ নেন।
দলের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতা হিসেবে মির্জা আব্বাসের রাজনৈতিক অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নবগঠিত কমিটির নেতাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ক্ষেত্রে তাঁর পরামর্শ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের এ সাক্ষাৎকে দলের সাংগঠনিক ঐক্য ও জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে সমন্বয় জোরদারের একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে।