শিরোনাম
◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৫:২১ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস?

করোনাভাইরাসের নতুন একটি ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। প্রায় সাত বছর আগে ভাইরাসটির আবির্ভাবের পরও যে এর সংক্রমণ ও বিবর্তনের ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি, নতুন এই ধরন আবারও তা সামনে নিয়ে এসেছে।

চিকিৎসকেরা বলছেন, পিজে.২. ১ (PJ.2. 1) নামের নতুন ধরনটি সাম্প্রতিক অন্য ধরনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি প্রাণঘাতী বলে এখনো প্রমাণ পাওয়া যায়নি। তবে করোনার মোট সংক্রমণের মধ্যে এটির উপস্থিতি ক্রমেই বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, মহামারির শুরুর দিকের মতো করোনায় এখন আর ব্যাপক হারে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর ঘটনা ঘটছে না। তবে বয়স্ক, রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তি এবং শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য ভাইরাসটি এখনো বিপজ্জনক।

মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে—এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় প্রায় ৭৮ কোটি সংক্রমণ এবং ৭০ লাখ মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ১৮ অক্টোবর শেষ হওয়া সর্বশেষ ২৮ দিনের হিসেবে বিশ্বে ৫৬ হাজার ৪৭১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে, যা আগের মাসের তুলনায় ৩৫ হাজারের বেশি কম।

Advertisement

চলতি বছরের মে মাসে উত্তর আমেরিকায় প্রথম শনাক্ত হওয়ার পর পিজে.২. ১ দ্রুত বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। সেপ্টেম্বরে প্রকাশিত চীনা বিজ্ঞানীদের এক গবেষণায় ভাইরাসটির এই বিস্তারকে ‘দ্রুত আন্তমহাদেশীয় সংক্রমণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় এটি মানবদেহের এসিই ২ (ACE2) রিসেপ্টরের সঙ্গে বেশি কার্যকরভাবে যুক্ত হতে পারে। এই রিসেপ্টরের মাধ্যমেই ভাইরাস মানবকোষে প্রবেশ করে। বিজ্ঞানীদের ধারণা, নতুন ধরনটির দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে এই বৈশিষ্ট্যের ভূমিকা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগের ধরনগুলোর মতো পিজে.২. ১-এর উপসর্গও সাধারণ সর্দি-জ্বর বা ইনফ্লুয়েঞ্জার মতো। তবে রাশিয়ান মেডিকেল একাডেমি অব কন্টিনিউয়িং প্রফেশনাল এডুকেশনের অধ্যাপক এলেনা মালিনিকোভা বলেছেন, অন্য ধরনগুলোর তুলনায় এতে গলার সংক্রমণ বেশি তীব্র হতে পারে এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে।

আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ

সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসক আশের জামাল বলেন, নতুন ধরনের বিস্তার নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তাঁর মতে, নতুন ধরন আসতেই থাকবে। তবে সাম্প্রতিক ধরনগুলো বেশি গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তির হার কিংবা মৃত্যুহার বাড়াচ্ছে—এমন বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো নেই। পরিস্থিতির ওপর নজর রাখা জরুরি, কিন্তু অপ্রয়োজনীয় আতঙ্কের কারণ নেই।

তিনি বলেন, করোনা এখনো রয়েছে, তবে মহামারির সময়ের মতো হাসপাতালগুলোতে রোগীর চাপ বা গুরুতর অসুস্থতার পরিস্থিতি দেখা যাচ্ছে না। অধিকাংশ রোগীর উপসর্গ তুলনামূলক মৃদু। তবে বয়স্ক ও রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিরা গুরুতর জটিলতার ঝুঁকিতে রয়েছেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক পল হান্টারও বলেছেন, মোট সংক্রমণের মধ্যে পিজে.২. ১-এর অনুপাত বাড়ছে। তবে অন্য ধরনগুলোর তুলনায় এতে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশি—এমন প্রমাণ নেই। অবশ্য নতুন ধরনের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিশ্চিতভাবে অনুমান করা সম্ভব নয়। সংক্রমণ কমলেও করোনা এখনো মানুষকে হাসপাতালে যেতে বাধ্য করছে।

নতুন ধরনটি কানাডার অন্টারিওতে মে মাসের শুরুতে শনাক্ত হয়। জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম এর উপস্থিতি পাওয়া যায়। এরপর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও স্পেনেও শনাক্ত হয়েছে এটি।

ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসকিল্ড পিটারসেন বলেন, টিকা গ্রহণের ফলে অধিকাংশ মানুষ করোনার বিরুদ্ধে ভালো সুরক্ষা পেয়েছেন। নতুন ধরনটির দ্রুত পরীক্ষার কিটেও শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, করোনাভাইরাসের বিভিন্ন ধরনের মধ্যে পারস্পরিক রোগ প্রতিরোধক্ষমতা কাজ করে। ফলে একটি ধরনে আক্রান্ত হওয়ার পর অন্য ধরনটির বিরুদ্ধে শরীরের প্রতিরোধক্ষমতাও কিছুটা বাড়তে পারে।

দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও গুরুত্বপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, করোনা থেকে সুস্থ হওয়ার পরও অনেকের মধ্যে দীর্ঘদিন স্বাস্থ্যগত সমস্যা থেকে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্য খাতের পরামর্শক আলি আলেসান্দ্রো আয়াচ বলেন, টিকা নেওয়ার পরও কিছু রোগীর মধ্যে দীর্ঘমেয়াদি উপসর্গ দেখা যাচ্ছে। এতে স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং স্বাভাবিক জীবনে ফেরাও কঠিন হচ্ছে।

তাঁর মতে, ভবিষ্যতের মহামারি মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সংক্রামক রোগের চাপ সামলানোর পাশাপাশি ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও ক্যানসারের মতো অন্যান্য রোগের চিকিৎসাও ব্যাহত না হয়। 

  • সর্বশেষ