শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে?

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত বছরের ঐতিহ্য আর মসলার সুবাসে বিখ্যাত পুরান ঢাকার যে বাজার

পুরান ঢাকার চকবাজার পার হয়ে সামান্য এগোলেই মৌলভীবাজার। মসলার বাজার হিসেবে এর সুনাম সারা দেশে। বাজারের গলিতে ঢোকার আগেই নাকে ভেসে আসে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও জিরার ঝাঁজাল ঘ্রাণ। জিনিসপত্র ওঠানামার শব্দ, কুলিদের হাঁকডাক আর ক্রেতা–বিক্রেতার কলরব এখানকার প্রতিদিনের দৃশ্য। কেবল ঢাকা শহরই নয়, পুরো বাংলাদেশের রান্নাঘরকে সুবাসিত রাখার মূল কলকাঠিটি যেন নাড়েন এই মৌলভীবাজারের ব্যবসায়ীরা। দেশের সবচেয়ে বড় আর ব্যস্ত এই মসলার বাজারের উদ্দেশে পা রাখি ১ নভেম্বর রোববার।

বুড়িগঙ্গার তীরে যেভাবে বাজারের গোড়াপত্তন

মৌলভীবাজারের মসলার ব্যবসার ইতিহাস বেশ পুরোনো। ব্রিটিশ আমল থেকেই বুড়িগঙ্গার ঘাট ঘেঁষে এই বাজারের বিকাশ ঘটে। একসময় দূর–দূরান্ত থেকে বড় বড় বজরা ও পণ্যবাহী নৌকা এসে ভিড়ত কাছের ঘাটে। মসলার জাহাজ আসত সুদূর ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা কিংবা ভারতের কেরালা থেকে। নদীপথের সেই সহজ যাতায়াতই মৌলভীবাজারকে বানিয়ে তোলে মসলার রাজত্ব।

কীভাবে গোড়াপত্তন হয় এই মসলার বাজারের?

Advertisement

ইতিহাসবিদ মুনতাসীর মামুন তাঁর ‘ঢাকা: স্মৃতি-বিস্মৃতির নগরী’ বইয়ে উল্লেখ করেন, উনিশ শতকের প্রথম দিককার ঢাকার সুপরিচিত ব্যক্তি ছিলেন জমিদার মৌলভী আবদুল আলী। বাড়ির পাশে পানিয়াটি লেনের মুকিম কাটারায় বসিয়েছিলেন একটি বাজার। তাঁরই নামানুসারে কালক্রমে এই বাজার ও এলাকা পরিচিতি পায় ‘মৌলভীবাজার’ নামে।

বাজারটির ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিলাম ৪০ বছরের মসলা ব্যবসায়ী এম এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজি মো. আবুল কাশেমের কাছে। তিনি বলছিলেন, ‘ব্রিটিশ আমলে গোড়াপত্তন হয় ঢাকার মৌলভীবাজারের। শুরুতে এটি সাধারণ বাজার আকারে যাত্রা শুরু করলেও বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য রমরমা রূপ নেয়। পরবর্তী সময়ে চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা বিভিন্ন গরমমসলাও এই বাজারে এসে জমা হতে শুরু করে। ধীরে ধীরে এটি হয়ে ওঠে দেশের বৃহত্তম মসলার পাইকারি বাজার।’

দেশি-বিদেশি সুবাসের মেলা

মৌলভীবাজার যেন মসলার বিশ্বকোষ। এখানে একদিকে যেমন সাজানো প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের জিরা, কিশমিশ থেকে শুরু করে গুয়াতেমালার সুগন্ধি বড় এলাচ, ইন্দোনেশিয়া ও মাদাগাস্কারের লবঙ্গ, কিংবা শ্রীলঙ্কার দারুচিনি; অন্যদিকে তেমনই শোভা পায় দেশের পাবনা, বগুড়া ও ফরিদপুর থেকে আসা শর্ষেসহ অনেক কিছুই। চটের বস্তায় মসলা যেন উপচে পড়ে গলিজুড়ে। এ ছাড়া রন্ধনশিল্পের শৌখিন উপাদান খাঁটি মেথি, জায়ফল, জয়ত্রী, আলুবোখারার বড় সমাহার মিলবে কেবল এই বাজারেই।

সারা বছরই কেনাবেচা চললেও সবচেয়ে বেশি ব্যস্ততা বাড়ে শবে বরাত, পবিত্র রমজান মাস এবং দুই ঈদকে কেন্দ্র করে। মো. আবুল কাশেম বলছিলেন, ‘মসলা শুধু একটা পণ্য নয়, এটা রান্নার প্রাণ। আমরা শুধু মসলা বেচি না, মানুষের ঘরে স্বাদটুকুও পৌঁছে দিই।’

বর্তমান বাজার পরিস্থিতি ও দরদাম

মৌলভীবাজারের আড়ত ও পাইকারি বাজারে রান্নার নিত্যপ্রয়োজনীয় মসলা ছাড়াও আছে রকমারি প্রিমিয়াম ড্রাই ফ্রুট, সুপারফুড, ঔষধি ও ভেষজ সামগ্রীর বিশাল সমাহার। এম এস এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হিমেল মাহমুদ জানান বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে। এখানে বলে রাখা ভালো, দরদাম প্রতিদিনই ওঠানামা করে।

প্রতি কেজি গরমমসলার দাম

জিরা: ৪৬০ থেকে ৫৫০ টাকা
দারুচিনি: ৫৪০ থেকে ৬০০ টাকা
লবঙ্গ: ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৭০০ টাকা
এলাচ: ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা
কালো গোলমরিচ: ১ হাজার ২০ টাকা
সাদা গোলমরিচ: ১ হাজার ২২০ টাকা
জয়ত্রী: ৩ হাজার ২০০ থেকে ৪ হাজার ১০০ টাকা
জায়ফল: ৬৫০ থেকে ১ হাজার টাকা
পোস্তদানা: ১ হাজার ৬০০ টাকা
পিপুল: ১ হাজার ৪০০ টাকা
ধনিয়া: ২০০ থেকে ২৬০ টাকা
কালোজিরা: ৪৯০ থেকে ৫৫০ টাকা
তেজপাতা: ১৫০ থেকে ২০০ টাকা
সাদা ও কালো শর্ষে: ১২০ টাকা  

প্রতি কেজি বাদামের দাম

কাজুবাদাম: ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৫৮০ টাকা
কাঠবাদাম: ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৮০ টাকা
আখরোট: ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা
চীনাবাদাম: ১৬০ থেকে ২৪০ টাকা
থাই বাদাম: ২৮০ থেকে ৩৮০ টাকা
মিক্সড বাদাম: ৬৫০ টাকা

প্রতি কেজি ‘সুপারফুড’–এর দাম

চিয়া সিড: ৩৪০ থেকে ৪৮০ টাকা
সূর্যমুখী বীজ: ২৪০ থেকে ৩৫০ টাকা
কুমড়া বীজ: ৯০০ থেকে ৯৫০ টাকা
তিল: ২৭০ থেকে ৩৪০ টাকা
তিসি: ১৫০ থেকে ২২০ টাকা
তোকমা দানা ও মেথি: ১৪০ থেকে ২২০ টাকা
রাজমা বিন: ১৬০ টাকায়  

প্রতি কেজি ড্রাই ফ্রুট ও খেজুরের দাম

খুরমা খেজুর: ৩২০ টাকা
আজওয়া খেজুর: ১ হাজার টাকা
সুক্কারি খেজুর: ৯০০ টাকা
ত্বিন ফল: ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৬০০ টাকা
ভারতীয় বড় দানার কিশমিশ: ৮৮০ টাকা
আফগান কিশমিশ (বীজসহ): ৭৬০ টাকা
গোল্ড কিশমিশ: ৯৫০ টাকা

সবুজ কিউই ফল, সাকুরা পাম, অ্যাপ্রিকট, স্ট্রবেরি ও স্লাইস করা রকমারি ড্রাই ফ্রুট: ৯৫০ থেকে ১ হাজার ২০০ টাকা

শুকনো ও ফ্রোজেন আলুবোখারা: ৫২০ থেকে ৭৫০ টাকা

প্রতি কেজি ভেষজ ও ঔষধি উপাদানের দাম

অর্জুনগাছের বাকল: ১৬০ টাকা
চিরতা: ১ হাজার ৪০০ টাকা
যষ্টিমধু: ৪০০ টাকা
চুকাই (রোজেলা চা তৈরির উপাদান): ৯০০ টাকা
ত্রিফলা: ১ হাজার ৮০০ টাকা
মহুয়া ফুল: ৫০০ টাকা
গোলাপ ফুলের শুকনো পাপড়ি: ৫০০ টাকা
জবা ফুলের শুকনা পাপড়ি: ৮০০ টাকা
ইসবগুলের ভুসি: ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা
চীনা কালো রসুন: ১ হাজার ৮৮০ টাকা

যেভাবে যাবেন

প্রথমে যেতে হবে বকশীবাজার। তারপর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দিয়ে চকবাজার হয়ে চলে যেতে পারেন মৌলভীবাজারের মসলার রাজ্যে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বাদে সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজার খোলা থাকে। তবে সন্ধ্যার দিকে বাজারের ব্যস্ততা ও ভিড় বেশি থাকে, তাই দিনের আলো থাকতেই বাজারে যাওয়া ভালো।

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ