শিরোনাম
◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন

মনিরুল ইসলাম : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ মঙ্গলবার ১০ নভেম্বর সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের ১২ নভেম্বরের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Advertisement

চার দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এসব বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হবে।

তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এসব বৈঠকে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল।

এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলু, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।

বিমানবন্দরে বিদায় জানান মন্ত্রী ও দলীয় নেতারা

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সরকারি সফর শেষে আগামী শুক্রবার ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ