স্পোর্টস ডেস্ক : আটবছর আগের পুরোনো বিতর্ক নিয়ে নতুন করে উঠলো প্রশ্ন- আর তাতেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ২০১৮ সালের অস্ট্রেলিয়ার স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি। তবে, বিষয়টি নিয়ে মূখ খোলা উসমান খাজার পাশে দাঁড়িয়ে এবার ঘটনাটির তদন্তপ্রক্রিয়া নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে তোপ দাগলেন তাঁর সতীর্থ ডেভিড ওয়ার্নার। পুরো ঘটনার তদন্ত হয়েছিল তাড়াহুড়োর মধ্যে এবং ত্রুটিপূর্ণ, এমনটাই দাবি করেছেন সাবেক এই অজি তারকা।
সম্প্রতি প্রকাশিত হতে যাওয়া নিজের বই ‘সাবার’-এ স্যান্ডপেপারগেট নিয়ে অজানা কিছু তথ্য তুলে ধরেছেন খাজা। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে ওয়ার্নারের প্রতি সমর্থনও জানান খাজা। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে খাজার বক্তব্যকে শতভাগ সঠিক বলে দাবি করেছেন তিনি। ---- ডেইলি ক্রিকেট
ওয়ার্নার বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলিনি আট বছর হয়ে গেছে। উজি (উসমান), তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। সবাই সত্যটা জানে। মানুষ জানতে চেয়েছিল, আর তুমি সেটাই সামনে এনেছ।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের এবং ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে খাজাসহ কয়েকজন ক্রিকেটারের সাক্ষাৎকারই নেওয়া হয়নি বলে দাবি ওয়ার্নারের।
তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'তদন্তে পুরো সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়োর এবং ত্রুটিপূর্ণ। উসমান তখন ব্যানক্রফটের পাশে বসে ছিল, অথচ তার সাক্ষাৎকারই নেওয়া হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করে।
বই প্রকাশের সময় নিয়েও খাজার সমালোচনার জবাব দিয়েছেন ওয়ার্নার। তাঁর মতে, খাজার তাঁর নিজের গল্প, নিজের বিশ্বাস এবং সত্য তুলে ধরার সম্পূর্ণ অধিকার রয়েছে।
তাঁর ভাষ্য, আমরা কাউকে আঙুল তুলে দেখাতে চাইছি না, পুরোনো ক্ষতও নতুন করে খুলতে চাইছি না। বিষয়টি জবাবদিহি ও স্বচ্ছতার। সত্যকে যথাযথভাবে খতিয়ে দেখা নিশ্চিত করতে হবে।
কেপটাউনের স্যান্ডপেপার কান্ডের পর সেই কঠিন সময়ের প্রভাব যে এখনো পরিবারকে তাড়া করে বেড়ায়, সেটিও ভিডিওতে জানিয়েছেন ওয়ার্নার। বিশেষ করে তাঁর মেয়েদের কাছে।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে আমি আমার মেয়েদের সঙ্গে কথা বলেছি। তাদের কাছে পুরো ঘটনাটি খুলে বলতে হয়েছে। বিশেষ করে আমার ১২ বছর বয়সী মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন সেখানে এত ক্যামেরা ছিল এবং টেলিভিশনে কেন আমাদের কাঁদতে দেখা গিয়েছিল।