শিরোনাম
◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের ◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও আশানুরূপ সাড়া পাননি তিনি। এমনকি কারখানা ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি এই ব্যবসায়ী।

এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

ব্যাংকের পাঠানো নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।

Advertisement

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে।

এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে পা রাখার পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে অভিনয় করেন ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায়। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এ নিয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেন। তবে কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া পাননি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি।

চলচ্চিত্রে সময় দেওয়ার কারণেই কি ব্যবসায়িক সাম্রাজ্যে এমন সংকট তৈরি হয়েছে? এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।

একসময় তৈরি পোশাকশিল্পে বড় পরিসরে ব্যবসা গড়ে তোলা এই চিত্রনায়কের সামনে এখন বড় চ্যালেঞ্জ ঋণের বোঝা সামলে প্রতিষ্ঠানগুলো সচল রাখা এবং কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

  • সর্বশেষ