শিরোনাম
◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের ◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০১:০৯ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক

রাজধানী ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের একের পর এক ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), সিএমএম আদালত প্রাঙ্গণ ও পোস্তগোলা ব্রিজ এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগের দিন রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে একই ধরনের নাশকতার ঘটনা ঘটেছিল।

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে আতঙ্ক

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘লাভলী পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে বাসটি আগুনে পুড়তে শুরু করে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় এবং মেট্রো স্টেশনের ভেতরেও প্রবেশ করে।

ধোঁয়ার কারণে স্টেশনের স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।

Advertisement

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মেট্রো স্টেশনের ডিজেল জেনারেটরের পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়েছিল। পরে সেই আগুনের ধোঁয়া স্টেশনের ভেতরে প্রবেশ করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আগুন দেওয়া বাসটির চালক বা কোনো যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা আগুন দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

ঢাবি ও জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ২

সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন জানান, আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় রাখা দুটি বাসের মাঝখানে ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর রেজওয়ান আহমেদ নামে মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আটক করে জবি শাখা ছাত্রদল। প্রাথমিক তথ্যে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী হওয়ার অভিযোগ রয়েছে।

জবি প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ জানান, বিষয়টি তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিএমএম আদালত ও পোস্তগোলায় বিস্ফোরণ-আগুন

সোমবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

এদিকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার ও সোফাবাহী ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধারের খবর পাওয়া যায়। তবে থানার তদন্ত কর্মকর্তা আজগর হোসেন ককটেল নিক্ষেপের ঘটনাটিকে গুজব বলে দাবি করেন।

রোববার রাতেও একাধিক ককটেল বিস্ফোরণ

এর আগে রোববার (৮ নভেম্বর) রাত থেকেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ধারাবাহিকতা শুরু হয়। ওই দিন রাত পৌনে ৯টার দিকে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে চলন্ত একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পল্লবী থানা এলাকা এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনেও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে।

  • সর্বশেষ