শিরোনাম
◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা

মহেশখালী ও মাতারবাড়ীকে কেন্দ্র করে দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (এমআইডিএ বা মিডা)। এ অঞ্চলে আগামী ৩০ বছরে ৬০–৬৫  বিলিয়ন ডলারের দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে অন্তত ৫ বিলিয়ন ডলার আসবে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) থেকে। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ১৫০ বিলিয়ন ডলারের অবদান, লজিস্টিকস ব্যয় ৪ বিলিয়ন ডলার কমানো এবং বৈদেশিক লেনদেনে ১৬–১৮ বিলিয়ন ডলার সাশ্রয়ের প্রত্যাশা করা হচ্ছে।

মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। গত বুধবার  কক্সবাজারের মহেশখালী এলাকায় একটি জ্বালানি ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলের লক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় মিডার পক্ষে থেকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

মিডার সদস্য ও অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির চালানো বিশদ সমীক্ষা ও জরিপের ভিত্তিতেই আন্তর্জাতিক মানের এই সমন্বিত মাস্টারপ্ল্যানটি তৈরি করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, "তিন ধাপে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায় ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত, দ্বিতীয় পর্যায় ২০৩০ থেকে ২০৪০ সাল পর্যন্ত এবং শেষ বা তৃতীয় পর্যায় ২০৪০ থেকে ২০৫৬ সাল পর্যন্ত।"

মহাপরিকল্পনা তিন ধাপে বাস্তবায়ন

২০২৬-৩০ সাল পর্যন্ত প্রথম ধাপে বড় অবকাঠামো ও জ্বালানি প্রকল্পের ভিত্তি তৈরি করা হবে। এর মধ্যে রয়েছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও সংযোগ সড়ক, তৃতীয় ও চতুর্থ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সৌরবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল।

স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছে ২ বিলিয়ন ডলার। এ ছাড়া ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) চালুর পরিকল্পনা রয়েছে মিডার। প্রায় ১.৫ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগে মহেশখালীতে ড্রাইডক নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে ২০৩০-২০৪৩ সাল পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে। এসময় আধুনিক টাউনশিপ, পানি সরবরাহ, গ্যাস নেটওয়ার্ক, সড়ক, বাঁধ, ড্রেনেজ ও মাল্টিমোডাল ইয়ার্ড নির্মাণ করা হবে। এ পর্যায়ে ১০ বিলিয়ন ডলার ব্যয়ে একটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ২০৩১-২০৩৬ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।পাশাপাশি ১৫০ মিলিয়ন ডলার ব্যয়ে এলপিজি প্ল্যান্ট নির্মাণ এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের দ্বিতীয় ধাপে বাল্ক টার্মিনাল, বেসরকারি টার্মিনাল ও লজিস্টিকস পার্ক গড়ে তোলা হবে।

তৃতীয় বা সর্বশেষ ধাপে ২০৪৩-২০৫৬ সালের মধ্যে মহেশখালী-মাতারবাড়ীকে পূর্ণাঙ্গ শিল্প, বাণিজ্য ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এসময় আধুনিক টাউনশিপের উন্নয়ন সম্পন্ন করার পাশাপাশি উৎপাদন ও শিল্পকারখানা, আন্তর্জাতিক পর্যটন এবং আন্তর্জাতিক সম্মেলন, প্রদর্শনী ও ব্যবসায়িক আয়োজনের জন্য বিশেষ সুবিধা গড়ে তোলা হবে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে মহেশখালী-মাতারবাড়ী শুধু জ্বালানি ও বন্দরকেন্দ্রিক অঞ্চল নয়, বরং দেশের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

জ্বালানি খাতেই আসবে সিংহভাগ বিনিয়োগ

মিডার পরিকল্পনায় মহেশখালীকে দেশের প্রধান জ্বালানি হাবে পরিণত করার পরিকল্পনায় রয়েছে একাধিক বৃহৎ বিনিয়োগ প্রকল্প। এর মধ্যে সবচেয়ে বড় হলো তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মিডার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১,২০০ একর জমিতে গড়ে তোলার প্রস্তাবিত এই কমপ্লেক্সে দৈনিক দেড় লাখ থেকে দুই লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রাখার পরিকল্পনা করা হয়েছে। ২০৩১ থেকে ২০৩৬ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার।

এতে তেল শোধনাগারের পাশাপাশি পেট্রোকেমিক্যাল উৎপাদন ইউনিট, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) এবং সামুদ্রিক অবকাঠামো থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত জ্বালানি ও পেট্রোকেমিক্যাল পণ্যের আমদানি-নির্ভরতা কমানোর পাশাপাশি দেশে নতুন শিল্পের বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।

এর পাশাপাশি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মাধ্যমে ১৫৬ একর জমিতে ২ বিলিয়ন ডলার ব্যয়ে একটি অনশোর এলএনজি টার্মিনাল তৈরির প্রস্তাব দিয়েছে মিডা। প্রথম পর্যায়ে দৈনিক ১,০০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস রিগ্যাসিফিকেশনের সক্ষমতা রাখার পরিকল্পনা রয়েছে—যার প্রথম পর্যায় ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া পেট্রোবাংলার অধীনে দৈনিক ৬০০ এমএমসিএফডি সক্ষমতার তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জিটুজি মডেলে প্রকল্পটির চুক্তি অনুমোদনের লক্ষ্যমাত্রা নভেম্বর ২০২৬ এবং নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৮ সালের জুনে।

এলপিজি আমদানি, সংরক্ষণ ও খালাসের সক্ষমতা বাড়াতেও পৃথক প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিপিসির অধীনে, জিটুজি মডেলে ৫১ একর জমিতে নির্মিতব্য এ প্ল্যান্টের ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৫০ মিলিয়ন ডলার। ২০২৭-২০৩৪ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে ১,০০০ মেট্রিক টন সংরক্ষণ সক্ষমতার পাশাপাশি বছরে ২০ লাখ মেট্রিক টন এলপিজি হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

৬,০০০ মেগাওয়াট ছাড়াবে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা

মিডার উপস্থাপনায় আরো বলা হয়েছে, মহেশখালীর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১,২০০ মেগাওয়াট সক্ষমতার প্রথম ও দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৪৮ হাজার ৯১২ কোটি টাকা। ২০২৫ সাল থেকে কেন্দ্র দুটি কার্যকর রয়েছে।

এর পাশাপাশি তৃতীয় ও চতুর্থ ইউনিট হিসেবে আরও ১,২০০ মেগাওয়াট সক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। জুলাই ২০২৬-২০৩৪ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ৫,০৪২ কোটি টাকা। ৭০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রায় প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭১৯ কোটি টাকা।

মহাপরিকল্পনার দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদন পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ কয়লাভিত্তিক ১,২০০ মেগাওয়াট এবং সৌরবিদ্যুৎ থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। ২০৪০ সালে কয়লা, এলএনজি, সৌর, বায়ু ও নতুন প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ মিলিয়ে এই হাবের উৎপাদন সক্ষমতা ৫,৬৬০ মেগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে ৬,০৬০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এসপিএম চালুর মাধ্যমে বছরে বাঁচবে ৮০০ কোটি টাকা

মিডার পরিকল্পনায়, মহেশখালীকে জ্বালানি হাবে রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পের ব্যয় হয়েছে ৮,২১৬ কোটি টাকা।

প্রকল্পটি চালু হলে বড় জাহাজ থেকে অপরিশোধিত তেল ও ডিজেল খালাসের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বর্তমানে যেখানে তেল খালাসে প্রায় ৯ দিন লাগে, সেখানে এসপিএম ব্যবস্থায় তা কমে ৩ দিনে নেমে আসার কথা। অর্থাৎ খালাসের সময় প্রায় ৬৭ শতাংশ কমবে। এতে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের প্রত্যাশা করা হচ্ছে। মিডার তথ্যমতে, প্রকল্পটি চালুর লক্ষ্যমাত্রা ২০২৬ সালের ডিসেম্বরে।

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর বদলাবে বাণিজ্যের সমীকরণ

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, মহেশখালী-মাতারবাড়ী মহাপরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। এ বন্দর চালু হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বোচ্চ ১৪.৫ মিটার ড্রাফট বা গভীরতাসম্পন্ন জাহাজ ভেড়ানোর উপযোগী করে তৈরি এই বন্দরে ৩৩৮ মিটার দীর্ঘ এবং ৮,০০০ টিইইউএস ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। বড় জাহাজ চলাচলের এ সুবিধার পাশাপাশি চট্টগ্রাম ও মোংলা বন্দরের মতো জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জাহাজকে চ্যানেলে অপেক্ষাও করতে হবে না।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পের প্রথম পর্যায়ে ব্রেকওয়াটার, প্রবেশ চ্যানেল, বেসিন, কনটেইনার টার্মিনাল, মাল্টিপারপাস টার্মিনাল এবং পোর্ট এক্সেস রোড নির্মাণের কাজ এগিয়ে চলছে। প্রকল্পের সামগ্রিক মেয়াদ জানুয়ারি ২০২০ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত।

পরবর্তী পর্যায়ে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ড্রেজিং, এলএনজি ও এলপিজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর ২০৪১ সালের মধ্যে কোহেলিয়া নদীর মোহনায় দ্বিতীয় পর্যায়ের বাল্ক ও কনটেইনার টার্মিনাল এবং লজিস্টিকস পার্ক গড়ে তোলার রূপরেখা রয়েছে।

মিডার তথ্য অনুযায়ী, গভীর সমুদ্রবন্দরকে জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত করতে ২৭ কিলোমিটার দীর্ঘ পোর্ট এক্সেস রোড নির্মাণ করা হচ্ছে। এতে ১৬.৫ কিলোমিটার সড়ক এবং ১০.৫ কিলোমিটার দীর্ঘ ১৪টি সেতু থাকবে। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

ঢলঘাটা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তুতি

শিল্পায়ন ও স্থানীয় কর্মসংস্থান ত্বরান্বিত করতে মিডা ১,২৪০ একর জমিতে ১,১৯৫ কোটি টাকা ব্যয়ে ঢলঘাটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। ইতোমধ্যে এই অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৫৭০ একর জমি তিনটি বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

এখানে প্রশাসনিক ভবন, অভ্যন্তরীণ সড়ক, পানির পাইপলাইন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গ্যাস সংযোগ, বর্জ্য শোধনাগার, সীমানাপ্রাচীর ও পার্কিং সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ২০৩০সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটির উন্নয়ন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

ড্রাই ডকে আসবে দেড় বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ

মিডা মাতারবাড়ীতে একটি আন্তর্জাতিক মানের ড্রাই ডক বা জাহাজ মেরামত অবকাঠামো নির্মাণের প্রস্তাব করেছে। বেসরকারি ও আন্তর্জাতিক অংশীদারত্বে এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় দেড় বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

মিডার প্রতিবেদনে বলা হয়, ড্রাই ডকটি নির্মিত হলে আন্তর্জাতিক মানের জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের সুবিধা তৈরি হবে। এতে স্থানীয় কর্মসংস্থান, নতুন ব্যবসা এবং সামুদ্রিক শিল্পের বিকাশ ঘটবে। একইসঙ্গে বিদেশে জাহাজ মেরামতের জন্য ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রস্তাবিত বিনিয়োগ কাঠামো অনুযায়ী এতে সরকারের সরাসরি আর্থিক দায়ভার থাকার কথা নয়।

বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ জমি, অর্থায়ন ও ড্রেজিং

প্রতিবেদনে এত বড় বিনিয়োগ ও অবকাঠামো পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি বিষয়কে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বরাদ্দ ও হস্তান্তর, এলএনজি টার্মিনাল এবং গ্যাস পরিবহনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং বন্দরের প্রবেশ চ্যানেলের নিয়মিত ড্রেজিং নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া এলপিজি খালাসের জন্য জেটি ব্যবহারের বিকল্পও মূল্যায়ন করা হচ্ছে। এর মধ্যে কয়লা জেটি যৌথভাবে ব্যবহার, তেল জেটিকে রূপান্তর অথবা অতিরিক্ত জেটি ব্যবহারের প্রস্তাব রয়েছে। 

সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • সর্বশেষ