ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সেলব্রাইট’-এর তৈরি যে ফোন-আনলকিং টুল ফিলিস্তিনি বন্দিদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়েছে, সেটি কিনতে জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) বিশেষ সুবিধা দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি শিথিল করে এই ক্রয়ে অনুমোদন দিয়েছেন। কেবল কেন্দ্রীয় সংস্থাই নয়, কংগ্রেস শাসিত কেরালা, কর্ণাটক ও হিমাচল প্রদেশ রাজ্য সরকারও এই বিতর্কিত প্রযুক্তি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। দ্য ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আইএফএফ-এর গত শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রযুক্তি ও নিরাপত্তা সংস্থাগুলোর ক্রয়ের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়—এনআইএ, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও) এবং প্রতিরক্ষা মন্ত্রকের মিলিটারি অ্যাফেয়ার্স বিভাগ ইসরায়েলি সংস্থা সেলব্রাইটের মোবাইল তথ্য নিষ্কাশন প্রযুক্তি সংগ্রহ করেছে। তাদের সাথে এই প্রযুক্তি কেনার দৌড়ে যুক্ত হয়েছে কেরালা, কর্ণাটক ও হিমাচল প্রদেশ।
প্রতিবেদন থেকে জানা যায়, কেন্দ্রীয় সরকার ‘মেক ইন ইন্ডিয়া’ ক্রয়ে অগ্রাধিকার নীতি থেকে বিশেষ অব্যাহতি দিয়ে এনআইএ-কে সেলব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ কেনার অনুমতি দেয়। এটি এই কোম্পানির সবচেয়ে উন্নত ফোন-আনলকিং প্রোডাক্ট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬ সালের ২০ জানুয়ারির একটি চিঠির বরাতে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৭ জানুয়ারি এই সংক্রান্ত ছাড়পত্রে স্বাক্ষর করেন। এর মাধ্যমে এনআইএ তিন বছরের লাইসেন্সে সরঞ্জামটি কেনার অনুমতি পায়। পরবর্তীতে মেসার্স নেক্সটেকনো জেন প্রাইভেট লিমিটেডকে ৪,৯৭,৯৯,৫১৫ টাকার এই চুক্তিটি প্রদান করা হয়।
এনআইএ-র কারিগরি চাহিদা বা স্পেসিফিকেশনে বলা হয়েছে, এই টুলের মাধ্যমে যেকোনো পাসকোড বাইপাস করা, সাপোর্ট করে এমন আইফোন ও অ্যান্ডয়েড ডিভাইসের সম্পূর্ণ ফাইল সিস্টেমের তথ্য বের করা এবং স্যামসাং সিকিউর ফোল্ডার, হুয়াওয়ে প্রাইভেট স্পেস ও শাওমি সেকেন্ড স্পেসের মতো সুরক্ষিত ফোল্ডারের ডাটা অ্যাক্সেস করা সম্ভব।
অন্যান্য কেন্দ্রীয় সংস্থাও এই প্রযুক্তি কিনেছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এসএফআইও ২০২৬ সালের মার্চ মাসে ‘সেলব্রাইট ডিজিটাল কালেক্টর অ্যান্ড ইন্সপেক্টর’ কেনার চুক্তি করে। অপরদিকে, মিলিটারি অ্যাফেয়ার্স বিভাগ সেলব্রাইটের ‘ইনসাইটস’ ফোন আনলকিং পরিষেবার জন্য দরপত্র আহ্বান করে। সব মিলিয়ে, ২০২৬ সালে ভারতীয় সংস্থাগুলোর প্রকাশিত ১১টি দরপত্রের মধ্যে ১৫টি ক্রয়ের তালিকায় সেলব্রাইটের বিভিন্ন পণ্যের নাম দেখা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সেলব্রাইটের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সংস্থাটি এমন সফটওয়্যার তৈরি করে যা স্মার্টফোন ও কম্পিউটারের পাসওয়ার্ড এবং সিকিউরিটি প্রোটোকল ভেঙে ভেতর থেকে সংরক্ষিত সব ধরনের তথ্য বের করে নিতে পারে।
আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির (এএফএসসি) রিপোর্ট অনুযায়ী, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। হাজার হাজার আটক ফিলিস্তিনির ফোন থেকে তথ্য বের করতে এটি ব্যবহার করা হয়, যাদের মধ্যে অনেকেই পরবর্তীতে নিয়মতান্ত্রিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি গাজা ভূখণ্ডের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর মানচিত্র তৈরির প্রযুক্তি গঠনেও সেলব্রাইট মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে সহায়তা পেয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলে সদর দপ্তর অবস্থিত সেলব্রাইটের এই ‘ইনসাইটস’ প্ল্যাটফর্মটি যেকোনো স্মার্টফোন, অ্যাপস এবং সুরক্ষাবলয়ে থাকা ডাটা সহজে নিষ্কাশন করতে পারে।
কেন্দ্রীয় সংস্থাগুলোর পাশাপাশি রাজ্য সরকারগুলোও এই প্রযুক্তি পেতে তৎপরতা চালিয়েছে। আইএফএফ হিমাচল প্রদেশের স্বরাষ্ট্র বিভাগ (১ সেপ্টেম্বর প্রকাশিত টেন্ডার) ও ফরেনসিক সার্ভিসেস ডিরেক্টরেট (২৭ জুন ও ২৬ আগস্টের টেন্ডার) এবং কর্ণাটক রাজ্য পুলিশের (১০ আগস্ট ও ২১ আগস্ট ২০২৬-এর টেন্ডার) নথিতে সেলব্রাইট সংক্রান্ত ক্রয়ের প্রমাণ পেয়েছে।
কেরালার স্বরাষ্ট্র বিভাগ ‘আলিবি গ্লোবাল প্রাইভেট লিমিটেড’-এর সাথে ৯৯.৯৯ লাখ টাকার একটি চুক্তি করেছে। তবে হিমাচল প্রদেশ ও কর্ণাটক পুলিশের প্রস্তাবিত ক্রয়ের সুনির্দিষ্ট আর্থিক অংক এখনো সরকারি নথিতে প্রকাশ করা হয়নি। আইএফএফ-এর মতে, কেরালার নথিপত্র ইঙ্গিত দেয় যে পুলিশ কর্মকর্তারা সরাসরি এই ডাটা সংগ্রহের কাজ না করে হয়তো কোনো বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী দিয়ে মোবাইল ডাটা এক্সট্রাক্ট করাচ্ছেন।
কর্ণাটক পুলিশ সেলব্রাইটের পুরোনো সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও নতুন সফটওয়্যারের আবেদন করেছে, আর হিমাচল প্রদেশের সংস্থাগুলো ‘ইনসাইটস অনলাইন প্রো’ লাইসেন্সের জন্য টেন্ডার প্রকাশ করেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো—কেরালা, কর্ণাটক ও হিমাচল প্রদেশ তিনটি রাজ্যেই বর্তমানে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে। যা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দলটির হাইকমান্ডের অবস্থানের সাথে পুরোপুরি বিপরীতমুখী।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ধারাবাহিকভাবে গাজায় ইসরায়েলের আক্রমণের তীব্র সমালোচনা করে আসছেন। সোনিয়া গান্ধী এমনকি ইসরায়েল ইস্যুতে মোদী সরকারের নীরবতাকে ‘নৈতিকভাবে সমর্থন অযোগ্য’ হিসেবে বর্ণনা করেছিলেন। অথচ তাঁদের নিজস্ব দলীয় রাজ্য সরকারগুলোই ইসরায়েলি সংস্থা সেলব্রাইটের প্রযুক্তি কিনছে বা কেনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
আইএফএফ তাদের প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, ভারতে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে ফরেনসিক ডাটা বের করার বিষয়ে নির্দিষ্ট কোনো আইন বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত কোনো নীতিমালা নেই। ফৌজদারি কার্যবিধির বিদ্যমান ধারাগুলোতে সম্পত্তি বা ইলেকট্রনিক তথ্য জব্দ করার নিয়ম থাকলেও, কখন ফোন আনলক করা যাবে, কী কী ডাটা কপি করা যাবে, সেই ডাটা কতদিন রাখা যাবে কিংবা কারা এতে প্রবেশাধিকার পাবে—তা নিয়ে স্পষ্ট কোনো বাধ্যবাধকতা নেই।
প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে সেলব্রাইট প্রযুক্তির অপব্যবহারের উদাহরণও টানা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব ও সিটিজেন ল্যাবের তথ্য অনুযায়ী, সার্বিয়া, জর্ডান এবং কেনিয়ায় সাংবাদিক, অধিকারকর্মী ও মানবাধিকার রক্ষাকারীদের বিরুদ্ধে এই স্পাইওয়্যার প্রযুক্তি ব্যবহারের প্রমাণ মিলেছে।
এমতাবস্থায় ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ফরেনসিক ডাটা আনলক করার সরঞ্জামের ব্যবহার সংক্রান্ত লাইসেন্স, অ্যাক্সেস রেকর্ড, এক্সট্রাকশন লগ এবং ডাটা সংরক্ষণ বা মুছে ফেলার সুরক্ষা ব্যবস্থা সম্পর্কিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছে।
সংস্থাটি বিশেষ করে ২০২৬ সালের অক্টোবরে দিল্লিতে বিক্ষোভের সময় জব্দ করা ফোনগুলোতে সেলব্রাইট বা অন্য কোনো আনলকিং টুল ব্যবহার করা হয়েছিল কি না, তা স্পষ্ট করতে বলেছে এবং এই প্রযুক্তি ব্যবহারের ওপর কঠোর ও আইনি সুরক্ষা নীতিমালা প্রণয়নের জোরালো আহ্বান জানিয়েছে।
সূত্র : ইত্তেফাক