স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনের প্রানপুরুষ বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবাহনী ক্লাবের প্রশাসন ইনচার্জ আশীষ রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
হারুনুর রশীদ গত ৪ বছর ধরেই অসুস্থ। করোনা থেকেই তার অসুস্থতা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে প্রায়ই ভর্তি থাকতেন। এবার বেশ কয়েকদিন যাবত হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার গভীর রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঘণ্টা খানেক আগে পরিবার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাচ বারের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি ফেডারেশনের নির্বাহী কমিটিতে ছিলেন। ফুটবল ফেডারেশন, আবাহনী ক্লাব ছাড়াও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
হারুনুর রশীদ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত সুপরিচিত ও প্রতিষ্ঠিত একজন ক্রীড়া সংগঠক। স্বাধীনতাকালীন সময় থেকে মৃত্যু অব্দি তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে আবাহনী ও হারুন একে অন্যের পরিপূরক। হারুনুর রশীদের হাত ধরে বাদল রায়, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুল গাফফারের মতো তারকা ক্রীড়াবিদরা সংগঠক হয়েছেন। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য হারুনুর রশীদ জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন।