আন্তর্জাতিক ডেস্ক: শাশুড়ি ইন্দিরা গান্ধীর রাগের মুখে ভয়ে কুঁকড়ে থাকতেন সনিয়া গান্ধী। কখনও কর্মীকে ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা, কখনও দিনের পর দিন কারও সঙ্গে কথা না বলা—ইন্দিরার এমন কঠোর আচরণের একাধিক অভিজ্ঞতা তুলে ধরেছেন ভারতের কংগ্রেস নেত্রী। তবে শাশুড়ির রাগ কমানোরও ছিল বিশেষ উপায়। নাতি-নাতনিদের মুখের হাসি কিংবা নিষ্পাপ প্রশ্নেই অনেকটা স্বাভাবিক হয়ে যেতেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী। -- আজতক বাংলা
নিজের স্মৃতিকথা Belonging: A Journey of Love-এ এসব অজানা অভিজ্ঞতার কথা লিখেছেন সনিয়া। মঙ্গলবার প্রকাশিত ৫৪৪ পৃষ্ঠার বইটিতে যুদ্ধোত্তর ইতালিতে তাঁর শৈশব, নেহরু-গান্ধী পরিবারে বিয়ে, স্বামী রাজীব গান্ধীর হত্যাকাণ্ড এবং রাজনীতিতে প্রবেশের অভিজ্ঞতাসহ উঠে এসেছে নানা বিষয়।
বিয়ের পর গান্ধী পরিবারের বউমা হিসেবে প্রথম বছরের স্মৃতিচারণা করতে গিয়ে সনিয়া লিখেছেন, ইন্দিরার মাঝে মাঝেই রাগের বিস্ফোরণ ঘটত। তাঁর এমন আচরণে বাড়ির কর্মীরাও ভয়ে জড়সড় হয়ে থাকতেন। একবার গুরুত্বপূর্ণ একটি অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দিতে ভুলে যাওয়ায় এক কর্মীকে ঘরের কোণে দাঁড় করিয়ে রেখেছিলেন ইন্দিরা। অন্যরা তাঁর পাশ দিয়ে যাতায়াত করলেও কেউ কিছু বলার সাহস পাননি।
আরেক দিন কুর্তা-ধুতি পরা এক ব্যক্তিকে ঘরের কোণে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখেন সনিয়া। প্রথমে বুঝতে পারেননি, তিনি কে। পরে জানতে পারেন, ইন্দিরার নির্দেশেই ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাঁকে। প্রায় আধা ঘণ্টা পর ফিরে এসেও একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন ওই ব্যক্তিকে।
ইন্দিরার রাগ প্রকাশের আরও কিছু ধরন তুলে ধরেছেন সনিয়া। কারও আচরণে ক্ষুব্ধ হলে তাঁর সঙ্গে দিনের পর দিন কথা বলতেন না শাশুড়ি। সংসদে বিরোধীদের সঙ্গে অপ্রীতিকর কথোপকথনের পর খাবার টেবিলেও তার প্রভাব পড়ত। একবার রাগের মাথায় লম্বা ডাইনিং টেবিলের অন্য প্রান্তে নিজের থালা সরিয়ে রেখেছিলেন ইন্দিরা।
সনিয়ার ভাষ্য, বাবার মধ্যেও রাগের এমন বহিঃপ্রকাশ দেখেছিলেন তিনি। তাই ইন্দিরার রাগ তাঁকে ভীত ও অস্বস্তিতে ফেলত। এমন পরিস্থিতিতে রাজীব ও সঞ্জয় চুপচাপ অপেক্ষা করতেন, কখন মায়ের মেজাজ স্বাভাবিক হবে। রাজীব তাঁকে আশ্বস্ত করে বলতেন, ‘নিজেকে এত ভয় পাইয়ে দিও না। মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন।’
তবে রাগের পর অনেক সময় অনুতপ্তও হতেন ইন্দিরা। নিজের মতো করে সেই অনুশোচনা বুঝিয়ে দিতেন সংশ্লিষ্ট ব্যক্তিকে। কিন্তু কেউ বিশ্বাস ভঙ্গ করলে তাঁকে আর ক্ষমা করতেন না। তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতেন, ভবিষ্যতে একসঙ্গে কাজও করতেন না।
ইন্দিরার রাগ কমানোর কিছু ঘরোয়া অভ্যাসের কথাও লিখেছেন সনিয়া। মন খারাপ হলে তিনি অ্যামি কৃষ্ণাকে পুরনো ছবির বাক্স নিয়ে আসতে বলতেন। এরপর ছবিগুলো তারিখ অনুযায়ী সাজাতেন। কখনও নিজের শাড়ি বের করে পরপর সাজিয়ে রাখতেন, প্রতিটির সঙ্গে লাগিয়ে দিতেন পরিচিতিমূলক ট্যাগ। আত্মীয়দের জন্যও আলাদা করে শাড়ি তুলে রাখতেন। পুরনো কাশ্মীরি শাল এবং নিজের মায়ের ব্যবহৃত শাড়ির প্রতিও ছিল তাঁর বিশেষ টান।
সনিয়ার মতে, ঠাকুমা হওয়ার পর ইন্দিরার রাগ ও উত্তেজনার মুহূর্ত অনেকটাই কমে এসেছিল। নাতি-নাতনিদের পাঠানো হতো তাঁর মেজাজ বুঝে আসার জন্য। তাদের হাসি কিংবা নিষ্পাপ প্রশ্নেই গলে যেতেন ইন্দিরা। নাতি-নাতনিদের সান্নিধ্য তাঁকে স্বস্তি দিত।
সনিয়ার স্মৃতিকথায় এভাবেই উঠে এসেছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা একান্ত ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা অজানা অধ্যায়।