মনিরুল ইসলাম : রাতের অন্ধকারে দু-একটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে শিল্পবান্ধব পরিবেশ, বিনিয়োগের নিরাপত্তা এবং উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন পেয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের এসব অপচেষ্টা এবং নীলনকশা নস্যাৎ করে দিয়েছে।
গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলা
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা নিয়েও সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বিভিন্ন ধরনের উসকানি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। এর ফলে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।
অপরাধের হার আগের বছরের তুলনায় কমেছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি পত্রিকায় পরিস্থিতির অবনতি নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে।
তার দাবি, বিগত বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য তুলে ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার দুজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতের ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দেশজুড়ে ককটেল নিক্ষেপ কিংবা অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের ভেতরে অবস্থানরত কিংবা সীমান্তের ওপার থেকে ইন্ধনদাতা—যৌথ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ রয়েছে। উপযুক্ত সময়ে সেগুলো প্রকাশ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে বড় করে দেখিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নেতিবাচক ধারণা তৈরির পরিবর্তে বাস্তব তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করা প্রয়োজন।