মনিরুল ইসলাম : অবৈধ মাছ ধরার জালের অবাধ ব্যবহার এবং নির্বিচারে মাছ শিকারের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। বিশেষ করে কারেন্ট জাল ও অবৈধ বটম ট্রলিংয়ের কারণে মাছের প্রজননক্ষেত্র ধ্বংস হচ্ছে, কমে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের মজুত। পরিস্থিতি মোকাবিলায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং বিপন্ন মাছের প্রজাতি সংরক্ষণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ এ তথ্য জানান। ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, এক শ্রেণির অসাধু জেলে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত নদীর মোহনা ও উপকূলীয় এলাকায় ট্রলিং পদ্ধতিতে নির্বিচারে মাছ শিকার করছে। এ পদ্ধতিতে নৌযানের মাধ্যমে জাল টেনে মাছ ধরা হয়। এতে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধ্বংস হওয়ার পাশাপাশি সামুদ্রিক পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় জলসীমায় অবৈধ বটম ট্রলিং মাছের প্রজননক্ষেত্র ধ্বংস করছে। এর ফলে মাছের প্রাকৃতিক মজুত কমে যাচ্ছে এবং ক্ষুদ্র মৎস্যজীবীরা অর্থনৈতিক সংকটের মুখে পড়ছেন। একই সঙ্গে সামুদ্রিক জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও দেশের ব্লু-ইকোনমি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের মাছ শিকার বন্ধ করা হবে।
মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, মাছের সুরক্ষা ও সংরক্ষণে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি সারাদেশে ৮২৭টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে উন্মুক্ত জলাশয়ে প্রায় ২৪৪ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। একই অর্থবছরে দেশের ৯৭৮টি বিলে স্থাপন করা হয়েছে মাছের নার্সারি।
মন্ত্রী আরও বলেন, হাওর অঞ্চলের সাতটি জেলায় প্রতিবছর ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত ৩০ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের উদ্দেশ্য হলো মাছের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে বংশবিস্তার নিশ্চিত করা এবং প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়ানো।
তিনি জানান, মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা, বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্তকরণ, বিলে নার্সারি স্থাপন এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার।
এদিকে শুধু মাছ নয়, পরিবেশের অবক্ষয়ের কারণে বিলুপ্তির ঝুঁকিতে থাকা বিরল প্রাণী ও পাখি সংরক্ষণেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এবং রংপুরের হনুমানতলায় অবস্থিত রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বিপন্ন বন্যপ্রাণীর সুরক্ষা, প্রজনন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া দেশীয় বিপন্ন প্রাণী ও পাখির সংরক্ষণ এবং এ বিষয়ে গবেষণায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে গয়াল, মায়া হরিণ, মুন্সীগঞ্জের গরু, রেড চিটাগাং গরু, পাবনা ক্যাটল, পাহাড়ি মুরগি, গোলচিলা দেশি মুরগি, তিতির, আচিল মুরগি ও গারল ভেড়া।
বাংলাদেশের জন্য আইইউসিএনের (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) লাল তালিকার মূল্যায়ন অনুযায়ী, মূল্যায়ন করা ২৫৩টি দেশীয় স্বাদুপানির মাছের প্রজাতির মধ্যে ৩০টি বিপন্ন, ৯টি মহাবিপন্ন এবং ২৫টি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত হয়েছে।