মনিরুল ইসলাম : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতা, জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তি এবং মাতারবাড়ী প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিরোধী দলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ী প্রকল্প এবং এ প্রকল্প ঘিরে জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী প্রকল্পের চুক্তি, অর্থায়ন, বাস্তবায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের সামনে স্বচ্ছভাবে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্যরা।
এ ছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি, গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সার ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমের গ্রহণযোগ্যতা এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়ায় সরকারের গাফিলতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে মতামত তুলে ধরেন তাঁরা।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপতৎপরতা ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী দেশজুড়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গুলি হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে।
তিনি ফ্যাসিবাদী সন্ত্রাস ও অপতৎপরতা মোকাবিলায় দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পকে কেন্দ্র করে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডর দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কি না, সে বিষয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।
এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং চুক্তির সব শর্ত ও সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী একটি দেশের প্রত্যক্ষ মদদে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে উদ্বেগজনক তথ্য পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাকশিল্পও গভীর সংকটের মুখে পড়েছে। এ খাতের সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগের অভাব দেশের অর্থনীতি ও শ্রমবাজারের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতারা বলেন, দেশের জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ও গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিরোধীদলীয় নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় বিরোধী দল জাতীয় সংসদ ও রাজপথে সর্বদা সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বৈঠক শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।