মনিরুল ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার ১০ নভেম্বর তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠকটি শুরু হয়। প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে রাত পৌনে ৮টায় দুই নেতা বৈঠকস্থল ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ শুরু হওয়ার ঠিক আগের দিন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৩০ মিনিটে তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করেন।
তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্কে অবস্থান করছেন। আগামী ১১ ও ১২ নভেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের প্লেনারি অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও কর্মসূচি রয়েছে তাঁর।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের প্রেক্ষাপটে তারেক রহমান ও এরদোয়ানের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে এ বৈঠক নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
প্রসঙ্গত, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, জলবায়ু ন্যায্যতা, অভিযোজন অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। তথ্য সূত্র : প্রধানমন্ত্রীর পেইজ