চট্টগ্রামের বে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে আগামী ৩০ এপ্রিলের মধ্যে কনসেশন চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের একটি কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাবে প্রতিষ্ঠানটি। চুক্তি স্বাক্ষরের পর পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্প্রতি নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষের (পোর্ট অথরিটি অব সিঙ্গাপুর) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় বে টার্মিনাল নির্মাণে সহযোগিতা এবং দেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাণিজ্যের চাহিদা মোকাবিলায় প্রকল্পটির গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মনিরুজ্জামান জানান, আগামী এপ্রিলের মধ্যে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ। সিঙ্গাপুরের হাইকমিশনার ও পিএসএর প্রতিনিধিরা প্রকল্প নির্মাণ ও পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নৌপরিবহন সচিব আতাউর রহমান খান বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য রয়েছে সরকারের। এ সময়ের মধ্যে চুক্তি করতে পারলে তা হবে একটি মাইলফলক।
তিনি জানান, আপাতত পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে একটি কনটেইনার টার্মিনাল নির্মাণের চুক্তি করা হবে। প্রকল্পের অন্য টার্মিনালগুলোর নির্মাণ ও পরিচালনার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বে টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, এডি পোর্ট গ্রুপ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং দেশীয় প্রতিষ্ঠান ইস্ট কোস্ট গ্রুপ।
প্রকল্পটি চালু হলে বছরে প্রায় ৫০ লাখ টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে। কর্ণফুলী নদীর মোহনার বাইরে বঙ্গোপসাগর-সংলগ্ন এলাকায় প্রায় ২ হাজার ৫০০ একর জমিতে নির্মিত হবে এই টার্মিনাল। এখানে ১২ থেকে ১৪ মিটার গভীরতার জাহাজ চলাচলের উপযোগী নৌপথ থাকবে। ফলে ৫ হাজার থেকে ৬ হাজার টিইইউ ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজ ভিড়তে পারবে।
পরিকল্পনা অনুযায়ী, বে টার্মিনাল প্রকল্পে দুটি কনটেইনার টার্মিনাল, একটি মাল্টিপারপাস টার্মিনাল এবং একটি তরল পণ্য ও তেলবাহী টার্মিনাল নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়বে এবং দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।
এদিকে প্রকল্পের ব্রেকওয়াটার বা ঢেউ প্রতিরোধক অবকাঠামো নির্মাণে ২০২৪ সালের জুনে বিশ্বব্যাংক ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে।
সংশ্লিষ্টদের মতে, বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমানে বন্দরের চ্যানেলের গভীরতা সীমিত হওয়ায় বড় জাহাজের প্রবেশ ও বহির্গমন পুরোপুরি জোয়ারের ওপর নির্ভরশীল। তবে বে টার্মিনালে নেভিগেশন চ্যানেলের গভীরতা বৃদ্ধি করায় ভাটার সময়ও জেটিতে সরাসরি জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি হবে।
বন্দর ব্যবহারকারীরা বলছেন, আধুনিক অবকাঠামো, গভীর নেভিগেশন চ্যানেল এবং আন্তর্জাতিক অপারেটরের দক্ষ অংশগ্রহণের সমন্বয়ে বে টার্মিনাল দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনা ও বৈদেশিক বাণিজ্যে এক নতুন ও আধুনিক মাত্রা যোগ করবে। আগামী কয়েক দশকের দেশের বর্ধিত অর্থনৈতিক চাহিদা মেটাতে এবং আন্তর্জাতিক নৌবাণিজ্যে টেকসই গতিশীলতা আনতে এই মেগা প্রকল্প অগ্রণী ভূমিকা পালন করবে। সূত্র: বিডি প্রতিদিন