শিরোনাম
◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই উদ্ভাবন না করলেই হয়তো ভালো হতো, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা ‘এআই গডফাদার’ হিন্টনের

এআইয়েরর অন্যতম 'গডফাদার' জেফরি হিন্টন বলেছেন, এই প্রযুক্তি কখনো উদ্ভাবন না করলেই হয়তো মানবজাতির জন্য ভালো হতো। তিনি সতর্ক করে বলেছেন, চলতি বা আগামী বছরেই এআইয়ের কারণে বড় কোনো বিপর্যয় ঘটতে পারে। এর ফলে আর্থিক ব্যবস্থা বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে যেতে পারে।

কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য নোবেল পুরস্কার বিজয়ী এই কম্পিউটার বিজ্ঞানী দ্য গার্ডিয়ানকে বলেন, তিনি এআই প্রযুক্তি নিয়ে নিছক কোনো 'সর্বনাশের বার্তাবাহক' বা ডুমার নন। তিনি বিশ্বাস করেন, এআইয়ের 'সম্ভাবনাময় ও চমৎকার ভবিষ্যৎ' গড়ার ক্ষমতা রয়েছে। তবু তার মতে, 'এমনও হতে পারে যে এই প্রযুক্তি তৈরি না করলেই হয়তো আমরা আরও ভালো থাকতাম।'

৭৮ বছর বয়সী হিন্টন বলেন, মানবজাতি এই প্রযুক্তির ঝুঁকিগুলো সামলাতে পারবে কি না, তা আগামী এক দশকের মধ্যে বা তার চেয়েও কম সময়ে স্পষ্ট হয়ে যাবে। ঝুঁকি সামলাতে পারলে এআই মানুষের জন্য 'অভাবনীয় প্রাচুর্য' বয়ে আনবে। আর মানুষ 'ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থ হলে ধনী-দরিদ্রের মধ্যে বিশাল বৈষম্য তৈরি হবে। দেখা দেবে প্রকট সাংস্কৃতিক সংকট ও ব্যাপক বেকারত্ব; যা পুরো সমাজব্যবস্থাকেই ছিন্নভিন্ন করে দেবে।'

'এআই: প্রবাবলি নথিং টু ওরি অ্যাবাউট' প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আগে এসব কথা বলেন হিন্টন। চ্যাটবটের প্রস্তাবিত শিরোনামে তৈরি এই প্রামাণ্যচিত্রে তার সঙ্গে গুগলের সাবেক সহকর্মী ডেমিস হাসাবিসও রয়েছেন।

Advertisement

সেখানে হিন্টন বলেন, 'নিজের পরিচিতি ও সুনাম কাজে লাগিয়ে এআইয়ের ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করাকে আমি দায়িত্ব মনে করি।'

গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের তীব্র সমালোচনা করেন। তার মতে, বাজারে আধিপত্য ধরে রাখতে তারা একের পর এক শক্তিশালী এআই মডেল আনছেন।

তিনি আরও বলেন, 'আমার মনে হয় [মার্ক] জাকারবার্গ, [ইলন মাস্ক] ও স্যাম অল্টম্যান—তারা সবাই এর ঝুঁকিগুলো বোঝেন। কিন্তু তারা এসবের পরোয়া করেন না। তারা কেবল অর্থকেই গুরুত্ব দেন।'

ওঠা এই কম্পিউটারবিজ্ঞানী বলেন, সবচেয়ে শক্তিশালী এআই তৈরির ক্ষেত্রে চীনের সঙ্গে চলমান প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়া শীর্ষ মার্কিন এআই প্রতিষ্ঠানগুলোর একটির দায়িত্বে স্যাম অল্টম্যানের থাকাটা 'অত্যন্ত উদ্বেগজনক'। যদিও সেপ্টেম্বরে অল্টম্যান বলেছিলেন, 'পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই আমরা সঠিক কাজটা করব। বিশ্বের উচিত আমাদের ওপর সেই বিশ্বাস রাখা।'

হিন্টন প্রায় ৪৪ বছর ধরে এআই নিয়ে কাজ করছেন। ১৯৭০-এর দশকে তিনি নিউরাল নেটওয়ার্কের ধারণা প্রবর্তন করেন। এ নেটওয়ার্ক মানুষের মতো শিখতে ও অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম একটি গাণিতিক ব্যবস্থা। 

এআইয়ের ঝুঁকি নিয়ে খোলামেলা কথা বলতে ২০২৩ সালে তিনি গুগল ছাড়েন। সবাইকে সতর্ক করে দিয়ে বলেন: 'এসব প্রযুক্তি যদি ক্ষমতার আরও বেশি নিয়ন্ত্রণ নিতে শুরু করে, তাহলে আমরা বড় বিপদে পড়ব।'

চলতি গ্রীষ্মে ওপেনএআইয়ের তৈরি কিছু এআই এজেন্ট জোটবদ্ধ হয়ে 'হাগিং ফেস' নামের একটি ওয়েবসাইট হ্যাক করার ষড়যন্ত্র করেছিল। হিন্টন এই ঘটনাকে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঘটা আংশিক দুর্ঘটনার সঙ্গে তুলনা করেন। তার মতে, এটি মূলত ভবিষ্যতের বড় বিপদের একটি প্রাথমিক সতর্কবার্তা।

তিনি বলেন, 'চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছর আমরা চেরনোবিলের মতো ভয়াবহ কোনো বিপর্যয় দেখতে পাব। আর সেটিই হয়তো মানুষের টনক নড়ানোর জন্য যথেষ্ট হবে।'

তার দেওয়া উদাহরণ অনুযায়ী, চেরনোবিলের মতো এই ঘটনা কোনো পারমাণবিক দুর্ঘটনা হবে না। বরং এটি হতে পারে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় এআইচালিত কোনো সাইবার হামলা, যা 'ব্যাপক মাত্রায় বিদ্যুৎ বিভ্রাট' ঘটাবে। অথবা এমন কোনো ঘটনা ঘটবে, যা পুরো আর্থিক ব্যবস্থাকে এক সপ্তাহের জন্য অচল করে দেবে।

হিন্টন বলেন, 'তখন কী ঘটবে, কল্পনা করতে পারেন? আমরা হয়তো সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারব, [কিন্তু] ওই ঘটনা তাদের নড়েচড়ে বসতে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে বাধ্য করবে।'

'তাদের' বলতে কাদের বুঝিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ট্রাম্প ছাড়া বিশ্বের অন্য সব নেতাদের।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এআই নিয়ন্ত্রণের জন্য কোনো 'বিশ্বায়নপন্থি পরিকল্পনার চেষ্টাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন'। তিনি চান শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করুক। 

কড়া বিধিনিষেধের কারণে এআই প্রতিযোগিতায় চীনের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে—এমন উদ্বেগ থেকেই ট্রাম্পের এই অবস্থান। 

তবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং সিঙ্গাপুর, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ অন্য ৩২টি দেশের সমর্থিত একটি কঠোর ব্যবস্থার পক্ষে মত দেন হিন্টন। এই প্রস্তাবে শীর্ষ এআই মডেলগুলোর বাধ্যতামূলক পরীক্ষা, স্বাধীন মূল্যায়ন ও আন্তঃসরকারি অভিন্ন মানদণ্ডের কথা বলা হয়েছে।

হিন্টন বলেন: 'ওষুধের ক্ষেত্রে যেমন মার্কিন এফডিএ আছে, তেমনি আমাদেরও একটি নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন। প্রতিষ্ঠানগুলো নতুন কোনো এআই মডেল বাজারে ছাড়ার আগে সেটি যে ক্ষতির চেয়ে উপকার বেশি করবে, তার শক্ত প্রমাণ সেই স্বাধীন সংস্থার কাছে জমা দিতে বাধ্য থাকবে।'

তিনি আরও বলেন, '১৯৫০-এর দশকে থ্যালিডোমাইড নামের একটি ওষুধের কারণে মারাত্মক শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে শিশু জন্ম নিয়েছিল। সেই ঘটনার পরই আমরা শিখেছিলাম, আগে ক্ষতিকর পণ্য বাজারে বিক্রি করতে দেওয়া আর ক্ষতি হওয়ার পর মামলা করা সঠিক পথ নয়। কিন্তু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন সেই পুরনো ভুলটাই করতে চাইছে। তারা চাইছে থ্যালিডোমাইডের মতোই তাদেরও ছাড় দেওয়া হোক।'

এআইয়ের অন্যতম পথিকৃৎ হিসেবে হিন্টনের ভূমিকাকে প্রায়ই পারমাণবিক অস্ত্র তৈরিতে কেন্দ্রীয় ভূমিকা রাখা রবার্ট ওপেনহাইমারের সঙ্গে তুলনা করা হয়। 

হুঁশিয়ারি সত্ত্বেও, হিন্টন সার্বিকভাবে আশাবাদী যে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে।

তিনি বলেন, 'আমার মন বলছে পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। আমরা নিশ্চয় কোনো ব্যবস্থা নিতে পারব। এটি তখনই সফল হবে যদি আমরা এর পেছনে বড় ধরনের প্রচেষ্টা চালাতে পারি। আমরা সম্ভবত সেই বড় প্রচেষ্টাই চালাতে যাচ্ছি।'

  • সর্বশেষ