হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা মো. কালাচান শেখ (৬০) নামের এক বাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকার নুরউদ্দীন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর–টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী 'কিশোর-তনয়' পরিবহনের একটি লোকাল বাস (রেজি নম্বর: ফরিদপুর-ব-১১-০১৮২) গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়কে পার্কিং করা ছিল। গভীর রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাসের ভেতর থেকে চালক কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।
ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, "গভীর রাতে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"