স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার যুক্ত হলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের সঙ্গে। দলটির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুলের নিয়োগের বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রে পরামর্শ দেবেন তিনি।
বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন তিনি। একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন।
ক্রিকেটার হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরির মালিক বুলবুল। এবার আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।