স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। বুধবারের ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই ম্যাচে দাপট দেখিয়ে জিতল তারা। তাতে চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনালের সূচি। ভারত, পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভুটান।
১৪ নভেম্বর সাফের দুই সেমিফাইনাল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানকে হারালে বাংলাদেশ ২০০৫ সালের পর প্রথমবার সাফের ফাইনাল খেলবে। ১৭ নভেম্বর হবে শিরোপার লড়াই।
বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এই গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে। ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তান। এই ম্যাচটি রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।