শিরোনাম
◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে ◈ মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার ◈ রাজস্ব ঘাটতির মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী ◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০২ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১০:০৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম: পরাজিত ফ্যাসিবাদী আওয়ামী শক্তি আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে যাতে আর কোনো ধরনের মব সৃষ্টি হতে না পারে, সে জন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হবে।

বুধবার ১১ নভেম্বর  ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মানবাধিকার লঙ্ঘিত হয়—এমন কোনো কার্যক্রম পরিচালনা করেনি। কিন্তু সরকারের এই উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা জানে, বর্তমান সরকারের আমলে কাউকে গুম হতে হবে না, ক্রসফায়ারের শিকার হতে হবে না কিংবা আয়নাঘরে যেতে হবে না। কাউকে অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না। সরকারের এই মানবিক অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই বলেও বক্তব্যে ইঙ্গিত দেন তিনি।

সংসদে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, গত পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় আহত হয়েছেন ৪৯০ জন। তাঁদের মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলা ছাড়াও অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের মতো ঘটনা ঘটেছে।

লিখিত প্রশ্নে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত বাঙালি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীগুলো কী ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।

এসব গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে, তা জানতে চান তিনি। পাশাপাশি গত পাঁচ বছরে এ ধরনের ঘটনায় কতজন নিহত ও আহত হয়েছেন, সে তথ্যও জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী হতাহতদের পরিসংখ্যান তুলে ধরে জানান, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং সহিংসতার কারণে বেসামরিক নাগরিকদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও প্রাণহানি ও আহত হওয়ার শিকার হয়েছেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও দেওয়া পরিসংখ্যানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি—এই তিনটি বিষয় বিশেষভাবে উঠে আসে। সরকার মব-সন্ত্রাস ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে।

  • সর্বশেষ