আজিজুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। দিন-রাত এক্সকাভেটর দিয়ে নদীর পাড়ের মাটি কেটে ড্রাম ট্রাক ও ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এতে সদ্য সংস্কার করা গুরুত্বপূর্ণ দুটি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর পাড় ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খাজুরা বাজারসংলগ্ন ধর্মগাতী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধর্মগাতী গ্রামের জিহাদ আলী গাজীর ছেলে খিলাত আলী গাজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ সময় পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী চিত্রা নদী পুনঃখনন কার্যক্রম শুরুর আগেই নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। গত এক সপ্তাহে প্রায় কোটি টাকার মাটি কিনে মজুত করেছে খাজুরার লায়ন ব্রিকস—এমন অভিযোগ উঠেছে। মাটিভর্তি বেপরোয়া ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচলে খাজুরা বাজার-ধর্মগাতী এবং পার্বতীপুর চৌরাস্তা-দলনগর সড়কের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সদ্য সংস্কার করা জনগুরুত্বপূর্ণ সড়ক দুটি দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা নামার পর একের পর এক মাটিভর্তি ড্রাম ট্রাক ও ট্রাক্টর খাজুরা বাজার ব্রিজঘাটসংলগ্ন পুরোনো লায়ন ব্রিকস এবং কেশবপুরের শান্তির মোড় বাজারসংলগ্ন নতুন লায়ন ব্রিকসে প্রবেশ করছে। মাটির উৎস অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের ধর্মগাতী কাপালিপাড়া এবং যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর ব্রিজ এলাকায় পাঁচটি এক্সকাভেটর দিয়ে চিত্রা নদীর পাড় কেটে মাটি তোলা হচ্ছে। পরে তা ট্রাক ও ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, শুধু রাতের আঁধারেই নয়, দিনদুপুরেও চলছে নদীর পাড়ের মাটি কাটার কার্যক্রম। একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এ ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, লায়ন ব্রিকসের মালিক ইসহাক সরকার এ কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। তাঁর বড় ছেলে রাজু আহমেদও এতে সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। বন্দবিলা ও লেবুতলা ইউনিয়নের কয়েকজন রাজনৈতিক নেতার যোগসাজশে প্রশাসনের নজর এড়িয়ে মাটির ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ চক্রের সঙ্গে দুর্গাপুরের আশরাফুল, ভদ্রডাঙ্গার রতন, লেবুতলার কবির ও পাঁচবাড়িয়ার ইকরামুলসহ কয়েকজন মাটি ব্যবসায়ী জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মাটি কেনাবেচার হিসাবেও রয়েছে বড় অঙ্কের লেনদেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রতি গাড়ি মাটি ১৩০ টাকা দরে কিনে ইটভাটায় পৌঁছাতে মাটি ব্যবসায়ীদের খরচ হয় প্রায় ৮০০ টাকা। অন্যদিকে লায়ন ব্রিকস প্রতি গাড়ি মাটি ১ হাজার ৫০০ টাকা দরে কিনছে। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত পাঁচটি এক্সকাভেটরের প্রতিটি দিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০ গাড়ি মাটি তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মৌসুমে নতুন ইট নেওয়ার শর্তে কিছু ব্যবসায়ীর কাছ থেকে প্রতি গাড়ি মাটির দাম ধরা হচ্ছে ১ হাজার ৭০০ টাকা। এভাবে এক সপ্তাহে লায়ন ব্রিকসে প্রায় কোটি টাকার মাটি মজুত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এদিকে মাটি বিক্রির এ তৎপরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে। এলাকাবাসীর ভাষ্য, প্রশাসনিক বাধা না থাকায় মাটি বিক্রির প্রলোভনে পড়ে অনেক জমির মালিক নদীর পাড়ের জমি ব্যক্তিমালিকানাধীন দাবি করে মাটি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এনায়েতপুর ব্রিজ, জহুরপুর ও কাঠামারা পর্যন্ত এবং ঘোপদুর্গাপুর, ধর্মগাতী, পার্বতীপুর, যাদবপুর, মাজিয়ালী ও দলনগর এলাকায় এ তৎপরতা চলছে বলে অভিযোগ রয়েছে।
তবে নদীর পাড়ের মাটি কেনার অভিযোগ অস্বীকার করেছেন লায়ন ব্রিকসের মালিক ইসহাক সরকার। তিনি বলেন, ‘আমি সরকারি কোনো মাটি ইটভাটার জন্য কিনিনি। জমির মালিকদের কাছ থেকে মাটি কিনেছি।’
সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু বলেন, ‘চিত্রা নদীর পাড়ের মাটি কাটার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছেন। মাটি কাটা বন্ধ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ‘নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’