ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন।
বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া মোসা. বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত বুলুকে গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির পরদিনই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে মোট ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।