মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ওকালামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার।
অভিযানে আল-মদিনা স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার, ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার, সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, কালামপুর হারুন জেনারেল হাসপাতাল কে ২০ হাজার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার এবং আলাদিনস জেনারেল হাসপাতাল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।