মনিরুল ইসলাম : সারা দেশে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষিমন্ত্রীর জবাব দেওয়ার সময় বিরোধী দলের সদস্যদের হইচইয়ে কয়েক দফা বিঘ্ন ঘটে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রমে।
বুধবার ১১ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ সারা দেশে সারের ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তোলেন।
তিনি অভিযোগ করেন, ডিলার নিয়োগে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া হয়েছে। তার ভাষ্য, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী।’
হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জন বিএনপির এবং তাদের মধ্যে ১০ জন দলীয় নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগ্নি। সারা দেশে সারের ডিলার নিয়োগে ‘মহোৎসব’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নিয়োগ প্রক্রিয়ায় নজিরবিহীন দুর্নীতি হয়েছে কি না, নিয়োগগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না এবং সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ব্যবসায় যুক্ত হওয়ার সংস্কৃতি কবে বন্ধ হবে—তা জানতে চান তিনি।
কৃষিমন্ত্রীর জবাবে উত্তাপ
হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।
মন্ত্রী জানান, নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটিতে ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তারা আবেদন যাচাই করে জেলা পর্যায়ের কমিটির কাছে পাঠিয়েছেন।
এ সময় ১১ দলীয় জোটের সদস্যরা দাঁড়িয়ে হইচই শুরু করেন। এতে মন্ত্রীর বক্তব্য ব্যাহত হয়।
পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। ওনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরেকটা প্রশ্ন নেবো। কিন্তু এভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ, ধৈর্যের সঙ্গে বসেন, ওনার উত্তর শোনেন।’
এ সময় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে সদস্যদের নিজ নিজ আসনে বসার অনুরোধ জানান ডেপুটি স্পিকার। একই সঙ্গে মন্ত্রীকে বক্তব্য চালিয়ে যাওয়ার সুযোগ দিতে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
‘আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়’
হইচইয়ের মধ্যেই কৃষিমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আমি নতুন মন্ত্রী। কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়।’ এ সময় তিনি বিরোধী দলের সদস্যদের পাশের আলোচনা বন্ধ করে তার বক্তব্য শোনার অনুরোধ জানান।
পরে মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। উপজেলা পর্যায় থেকে আসা প্রস্তাবগুলো জেলা কমিটি যাচাই-বাছাই করে। এরপর কমিটির সদস্যরা একমত হয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এভাবে তিনজনের নাম সুপারিশ করেন।
কৃষিমন্ত্রীর ভাষ্য, জেলা কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে তালিকার প্রথম স্থানে থাকা ব্যক্তির নামেই ডিলার নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘ওই কমিটি, ডিসি সাহেবসহ কমিটির সমস্ত সদস্যের সিগনেচার আছে। ওইভাবে মিনিস্ট্রিতে পাঠানোর পর আমরা এক নম্বরে যিনি আছেন, তার নামেই ডিক্লারেশন দিয়েছি। এটা একজন লোকের সিগনেচারে আসেনি।’