স্পোর্টস ডেস্ক: গ্রুপসেরা হতে এক পয়েন্টই যথেষ্ট ছিল ভারতের। তবে হিসাবের অপেক্ষায় না থেকে মালদ্বীপকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে নওশাদ মুসার দল। বুধবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলের জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ৯ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের একমাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে। ৩৭তম মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার ইউসুফের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন ভারতের আব্দুল রাবিহ। তাঁকে থামাতে গিয়ে ফাউল করেন ইউসুফ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দুই মিনিট পর স্পটকিক থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুহাইল আহমেদ ভাট।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে মালদ্বীপ। তবে ভারতের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণে গতি আনে ভারত। বদলি খেলোয়াড় নামিয়েও গোলের দেখা পায়নি দলটি।
উল্টো পাল্টা আক্রমণে কয়েকবার ভারতকে চাপে ফেলে মালদ্বীপ। তবে গোলরক্ষক প্রিয়াংশ দুবের দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি তাদের। দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৫তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বিপদ সামাল দেন তিনি। ম্যাচের শেষ দিকে বক্সের বাইরে থেকে হামদানের নেওয়া জোরালো শটও দুর্দান্ত দক্ষতায় বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন দুবে।
এ জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপসেরা ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল পাকিস্তান। অন্যদিকে দুই ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছে মালদ্বীপ।