স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী প্রধান কোচ হতে রাজি আছেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। বর্তমান কোচ মাইকেল ক্যারিককে বরখাস্ত করার সম্ভাবনার মধ্যেই তার সঙ্গে আলোচনা শুরু করেছে ক্লাবটি।
বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারণের পর আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ইউনাইটেডের দায়িত্ব নিতে আগ্রহী পচেত্তিনো। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করায় দেশটির ফুটবল ফেডারেশনের প্রতি সম্মান দেখিয়ে আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন তিনি।
পচেত্তিনোকে চুক্তি থেকে মুক্ত করতে ইউনাইটেডকে প্রায় ৭৫ লাখ পাউন্ড দিতে হতে পারে।
এদিকে. বুধবার মোনাকোয় ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বেরাদা, ফুটবল পরিচালক জেসন উইলকক্স ও সহ-মালিক স্যার জিম র্যাটক্লিফের বৈঠকে ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, তাকে দায়িত্ব থেকে সরানোর সুপারিশ করবেন ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ইউনাইটেড।
আগস্টের পর থেকে জয়ের দেখা পায়নি দলটি। বর্তমানে ১৮তম স্থানে থেকে অবনমন শঙ্কায় রয়েছে তারা।
এর আগে, টটেনহ্যাম ও চেলসির কোচের দায়িত্ব পালন করেছেন ৫৪ বছর বয়সী পচেত্তিনো। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। এর আগে তিনবার ইউনাইটেডের কোচ হওয়ার আলোচনায় তার নাম এসেছিল। এবার ওল্ড ট্রাফোর্ডে তার দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।