স্পোর্টস ডেস্ক : যুব এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না। ব্যাটিং বিপর্যয়ে সেই স্বপ্নের সমাধি হলো সেমিফাইনালেই। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ব্যাট হাতে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছে যুব টাইগাররা। ফলে ১৬৯ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান।
ওমানের আল আমেরাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। একপর্যায়ে ৬৯ রানেই চার উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে আবদুল্লাহ আল মুহির ব্যাটে কিছুটা আশা জাগে। ৪৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫০ রান করেন তিনি। দলের পক্ষে এটিই সর্বোচ্চ ইনিংস।
মুহির বিদায়ের পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। রাকিবুল হোসেন ৩৯ বলে ২৬ এবং অল রাফি ২২ বলে ২০ রান করেন। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে ১৩৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
পাকিস্তানের হয়ে বল হাতে রীতিমতো তাণ্ডব চালান রিজওয়ানউল্লাহ। ৩০ রান খরচায় একাই পাঁচ উইকেট তুলে নেন এই পেসার। মোহাম্মদ সায়্যাম শিকার করেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। দুই ওপেনার হায়াম খান ও উসমান খান মিলে গড়েন ১২৩ রানের দুর্দান্ত জুটি। হায়াম ৬৯ রান করে ফিরলেও অপরাজিত থাকেন উসমান। ৫৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি।
শেষ পর্যন্ত ২১.৫ ওভারে এক উইকেট হারিয়ে ১৪১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রবিউল হাসান অনিক।