মনিরুল ইসলাম : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পরও যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলতে হয়, তাহলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।
আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে বিষয়টি উত্থাপন করেন তিনি। এ সময় সংসদ সদস্যদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ।
সংসদে বক্তব্য দেওয়ার জন্য প্রথমে স্পিকারের কাছে সময় চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এতে আপত্তি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কথা বলার সুযোগ না পেলে তিনি সংসদে থাকবেন না।
জবাবে স্পিকার বলেন, ‘এই আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আসছি।’
পরে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নাহিদ ইসলাম বলেন, বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে বাড়িতে আগুন লাগে এবং গবাদিপশুও পুড়ে মারা যায়।
তিনি জানান, ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। নাহিদ ইসলাম বলেন, তিনি নিজেও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। কিন্তু দুপুর পর্যন্ত ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি।
ফরেনসিক তদন্ত ছাড়াই কীভাবে পেট্রোল বোমা হামলার আলামত পাওয়া যায়নি বলে পুলিশ মন্তব্য করল, সেই প্রশ্ন তুলে নাহিদ বলেন, বিষয়টি তাঁর বোধগম্য নয়।
দেশজুড়ে নাশকতা নিয়ে উদ্বেগ
দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে। তাদের প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট।
তিনি আরও বলেন, এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পার হলেও ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। কিন্তু একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন রাখতে হচ্ছে।
নিরাপত্তা দিতে না পারলে স্পষ্ট করে জানানোর আহ্বান
নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সরকার তাঁদের নিরাপত্তা দিতে পারবে কি না, তা স্পষ্ট করতে হবে। নিরাপত্তা দিতে না পারলে সেটিও জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার অভিযোগ তুলে এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট জবাবও দাবি করেন তিনি।
হামলাকে গুরুতর অপরাধ বললেন স্পিকার
নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ যে বিষয়টি সংসদে উত্থাপন করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা গুরুতর অপরাধ।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।
স্পিকার বলেন, ‘এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’