শিরোনাম
◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন

শিউলির মতো বনগ্রামের সুইপার গলির অনেক পরিবারই এখন রান্নার জন্য কাঠের চুলা ব্যবহার করছে। সেখানকার নারীদের অধিকাংশই বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। পুরুষদের বড় অংশের জীবিকা রিকশা চালানো। নিম্ন আয়ের এসব পরিবারের কাছে এলপিজির বাড়তি দাম এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

একসময় রান্নার কাজে এলপিজির ওপরই নির্ভর করতেন পুরান ঢাকার ওয়ারীর বনগ্রামের সুইপার গলির বাসিন্দা শিউলি আক্তার (ছদ্মনাম)। বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালান। কিন্তু কয়েক মাস ধরে এলপিজির দাম যেভাবে বেড়েছে, তাতে সিলিন্ডার কেনা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। নিত্যপণ্যের বাড়তি দামে এমনিতেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে আড়াই হাজার টাকার গ্যাস কেনা যেন তার কাছে এখন বিলাসিতার মতো। তাই বাধ্য হয়ে আবারো ফিরেছেন লাকড়ির চুলায়।

সরজমিনে দেখা যায়, অনেক পরিবার বাড়ির বাইরে মাটির চুলা বসিয়ে রান্না করছে। কোথাও কোথাও সারিবদ্ধভাবে জ্বলছে এসব চুলা। ধোঁয়ায় আচ্ছন্ন আশপাশের পরিবেশ। অস্বস্তি নিয়েই সেখানে বসে খাবার তৈরির কাজ সারছেন নারীরা। অনেক ঘরের পাশেই পড়ে থাকতে দেখা যায় অব্যবহৃত গ্যাস সিলিন্ডার।

তিন দশকের বেশি সময় ধরে সুইপার গলিতে বসবাস করছেন শিউলি। গৃহকর্মীর কাজ করে যে আয় হয়, তা দিয়ে তিন মেয়ের লেখাপড়া, চিকিৎসা ও সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হয়। তিনি বলেন, ‘বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়া শুরু হইছে, সবাই এহন টাকা বাঁচাইতে চায়। যে বাসায় কাজ করি, ওইহানের বেতনে সংসারই চলব না। আগে মাসে ২০ হাজার টাকা কামাইলেও অনেক ভালাভাবে চলন গেছে। এহন মাসে যে টাকা কামাই, তাই দিয়্যা বাজার খরচ চালানো যায় না। মাইয়াগো লেহাপড়া, ওষুধের খরচ বাদই দিলাম।’

Advertisement

একই পরিস্থিতি রাজধানীর মহাখালীর একটি বস্তির বাসিন্দা পপি বেগমের। অন্যের বাসায় কাজ করেন তিনি। স্বামী রিকশা চালান। দুজনের আয়ে কোনো রকমে জীবন চলে। আড়াই-তিন হাজার টাকা দিয়ে ১২ কেজি গ্যাস কেনার সামর্থ্য এখন আর তাদের নেই। ফলে গ্যাস শেষ হয়ে গেলে বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করে রান্না করেন পপি।

রান্নার জ্বালানির বাড়তি ব্যয়ের চাপ শুধু নিম্ন আয়ের পরিবারেই সীমাবদ্ধ নেই। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও ছোট ব্যবসাপ্রতিষ্ঠানেও করা হচ্ছে বিকল্প ব্যবস্থা। কোনো কোনো ফ্ল্যাটের বাসিন্দা এলপিজির পরিবর্তে ব্যবহার করছে বৈদ্যুতিক চুলা। তাদের দাবি, এতে গ্যাসের তুলনায় রান্নার খরচ অন্তত ৬০ শতাংশ কম হয়।

একইভাবে এলপিজির বাড়তি ব্যয় সামাল দিতে বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছেন চায়ের দোকানিরাও। মিরপুরের খেজুরতলা মসজিদ এলাকার চা বিক্রেতা মোহাম্মদ রুস্তম আলী ছয় মাস আগেও প্রতি মাসে গ্যাসের পেছনে ব্যয় করতেন ৫-৬ হাজার টাকা। গত কয়েক মাসে সে ব্যয় বেড়ে দাঁড়ায় ১২-১৪ হাজার টাকায়। চা বিক্রির আয় দিয়ে দোকান ভাড়া ও সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ায় সম্প্রতি এলপিজির ব্যবহার বন্ধ করে বৈদ্যুতিক চুলা কিনেছেন তিনি।

রুস্তম আলী বণিক বার্তাকে বলেন, ‘এ গ্যাস পুড়িয়ে চা বিক্রিতে যে আয় হয়, তা দিয়ে দোকান ভাড়াই দেয়া যায় না। এদিকে সংসারও চালাতে হয়। তাই ইলেকট্রিক চুলা কিনে পানি গরমের কাজ করছি। গত মাসে চায়ের জন্য যে পরিমাণ পানি গরম করতে হয়েছে, তাতে বিদ্যুৎ বিল এসেছে ২-৩ হাজার টাকা। আগে একই কাজে গ্যাসের পেছনে ১২-১৪ হাজার টাকা খরচ হতো। তাই এখন আর গ্যাস ব্যবহার করি না।’

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশের এলপিজির বাজারেও। আমদানিনির্ভর এ জ্বালানি পণ্যের দাম প্রতি মাসে সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে দাম বাড়তে থাকায় চাপে পড়ছেন ভোক্তারা। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোর পক্ষে এ ব্যয় বহন করা কঠিন হয়ে উঠছে।

গত মার্চে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩০০ টাকার কিছু বেশি। চলতি নভেম্বরে এর দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে এ দামে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ভোক্তাদের। বাস্তবে ৪০০-৫০০ টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হয়। কোথাও কোথাও আবার বাড়তি দাম দিয়েও গ্যাস মিলছে না।

দেশে পাইপলাইনের নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় আবাসিক খাতে এলপিজির ব্যবহার বেড়েছে। রাজধানীসহ জেলা-উপজেলার বিপুলসংখ্যক পরিবার এখন রান্নার জন্য এ জ্বালানির ওপর নির্ভরশীল। বর্তমানে অন্তত ৪৫ লাখ বাসাবাড়িতে এলপিজি ব্যবহার হয়। আবাসিক খাতের পাশাপাশি শিল্প, যানবাহন ও শিল্পকারখানার বয়লারেও বাড়ছে এর ব্যবহার।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দেশে বছরে এলপিজির চাহিদা প্রায় ১৫-১৬ লাখ টন। সে হিসাবে প্রতি মাসে ব্যবহার হচ্ছে ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টন। তবে চাহিদা বাড়লেও পণ্যটির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা জরুরি বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকারকর্মীরা।

এ বিষয়ে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম বণিক বার্তাকে বলেন, ‘জ্বালানি খাতে ন্যায্যতা নিশ্চিত করার দায়িত্ব যেসব প্রতিষ্ঠানের (বিইআরসি, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর), তাদের দায়িত্বশীলতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। জ্বালানি সংকটের ভয়াবহতা শুধু সরবরাহ ঘাটতির মধ্যে সীমাবদ্ধ নয়। সংকট তৈরির পেছনে যেসব অনিয়ম ও দুর্বলতা কাজ করছে, সেগুলোও বড় উদ্বেগের বিষয়।’

তিনি বলেন, ‘খাদ্য সংকট দেখা দিলে সরকার সাধারণত বিনামূল্যে চাল, ত্রাণ ও অন্যান্য খাদ্যসহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। জ্বালানি সংকটও কিন্তু নিম্ন আয়ের পরিবারের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। রান্নার জ্বালানি না থাকলে খাদ্যসামগ্রী থাকলেও তা রান্না করে খাওয়া সম্ভব হয় না। অথচ জ্বালানির এ সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় উদ্যোগ ও সামাজিক প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম দৃশ্যমান। এটি রাষ্ট্রীয় নীতিনির্ধারণ ও জ্বালানি ব্যবস্থাপনার বড় দুর্বলতা।’

এদিকে বিইআরসি নির্ধারিত দামে বাজারে এলপি গ্যাস বিক্রি না হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। কমিশন ঘোষিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি নিয়ে প্রায়ই ভোক্তা ও বিক্রেতার মধ্যে বিরোধ তৈরি হচ্ছে। নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিইআরসিও। এর পরও বেশি দামে বিক্রি বন্ধ হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘বিইআরসি ঘোষিত দামে এলপিজি বিক্রি হচ্ছে কিনা তা জেলা প্রশাসকরা তদারক করেন। তারা প্রতি মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদন দেন। সে প্রতিবেদনে কোথাও কোথাও বিইআরসি নির্ধারিত দামের চেয়ে কম দামে এলপিজি বিক্রির তথ্যও পাওয়া গেছে। আবার বেশকিছু জায়গায় যে বাড়তি দামে বিক্রি হচ্ছে না, বিষয়টি এমনও নয়। তবে সামগ্রিকভাবে বাজারে পণ্যটির সংকট যাতে তৈরি না হয়, সে চেষ্টা করছে কমিশন।’

  • সর্বশেষ