মনজুর এ আজিজ: দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের আরও তিনটি পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং কোম্পানি সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও কাজের অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিগত সততা ও আর্থিক অবস্থাও বিবেচনায় নিতে হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ফৌজদারি অপরাধ, অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি কিংবা নিয়ন্ত্রক সংস্থার আইন ও বিধিবিধান লঙ্ঘনের দায়ে দণ্ডিত বা শাস্তিপ্রাপ্ত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না। একইভাবে অনিয়ম বা নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত ব্যক্তিরাও এসব পদের জন্য অযোগ্য বিবেচিত হবেন। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা আদালত কর্তৃক দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত ব্যক্তিরাও এসব পদে নিয়োগের যোগ্য হবেন না। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার কোনো স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্কও রাখা যাবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এসব পদে নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
সিএফও নিয়োগে লাগবে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা: নির্দেশনা অনুযায়ী, প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঋণ ও বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে অভিজ্ঞতার মেয়াদ নির্ধারণ করা হয়েছে। যেসব আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি, সেসব প্রতিষ্ঠানে সিএফও হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি টাকার কম, সেসব প্রতিষ্ঠানে সিএফও নিয়োগের জন্য কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এর মধ্যে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনায় এমবিএম অথবা ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
সিটিও হতে লাগবে তথ্যপ্রযুক্তিতে ৮ বছরের অভিজ্ঞতা: প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও পদে নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এ পদে নিয়োগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞানে পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে।
কোম্পানি সচিব পদে ৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক: কোম্পানি সচিব পদে নিয়োগের ক্ষেত্রেও অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ পদে নিয়োগ পেতে আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রতিষ্ঠানের বোর্ড সেক্রেটারিয়েট অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রির পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এসব পদে নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করতে হবে। তবে সিএফও, সিটিও ও কোম্পানি সচিব নিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।
উল্লেখ্য, এর আগে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের ক্ষেত্রেও যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। এবার সিএফও, সিটিও ও কোম্পানি সচিব পদকে সেই নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা হলো।