জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও তোদা করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কের একটি ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রজেক্টস।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দেওয়া এ চুক্তির আওতায় ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ মূল লাইন নির্মাণ করা হবে। এর মধ্যে রয়েছে পূর্তকাজ, স্থাপত্যসংক্রান্ত ফিনিশিংয়ের কাজ এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং ব্যবস্থা স্থাপন।
প্রকল্পের আওতায় খিলক্ষেত, বিমানবন্দরের টার্মিনাল-৩ ও বিমানবন্দর এলাকায় তিনটি ভূগর্ভস্থ স্টেশন এবং উত্তর প্রান্তে একটি শ্যাফট নির্মাণ করা হবে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়ন সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
এক বিবৃতিতে টাটা প্রজেক্টস জানিয়েছে, 'নিশিমাতসু-টিপিএল-তোদা যৌথ উদ্যোগের অংশ হিসেবে টাটা প্রজেক্টস লিমিটেড (টিপিএল) বাংলাদেশের মেট্রোরেল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ নির্মাণের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে সিপি০৬ প্যাকেজের কাজ পেয়েছে।'
কোম্পানিটি বলেছে, এ প্রকল্প সমন্বিত প্রকৌশল ও নির্মাণকাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে টাটা প্রজেক্টসের অবস্থান আরও শক্তিশালী করবে। পাশাপাশি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে জটিল মেট্রোরেল অবকাঠামো নির্মাণে কোম্পানিটির সক্ষমতাও তুলে ধরবে।
টাটা প্রজেক্টস আরও জানিয়েছে, ঢাকার নগর পরিবহনব্যবস্থা আধুনিকায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট কমানো এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ এ প্রকল্প।
টাটা প্রজেক্টসের প্রেসিডেন্ট এবং প্রধান প্রবৃদ্ধি ও কৌশলবিষয়ক কর্মকর্তা রাজীব মেনন বলেন, 'নগরায়ণের ফলে মধ্যপ্রাচ্য, এশিয়া ও উদীয়মান বাজারগুলোতে মেট্রোরেল ও রেল নেটওয়ার্কে অভূতপূর্ব বিনিয়োগ হচ্ছে। আমাদের বিশ্বাস, ঢাকার এ প্রকল্প সরকার, উন্নয়নকারী প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ইপিসি কোম্পানিগুলোর কাছে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আমাদের অবস্থান আরও শক্তিশালী করবে। বিশেষ করে দক্ষ প্রকল্প বাস্তবায়ন, প্রকৌশলগত উৎকর্ষ এবং স্থানীয় পর্যায়ে কাজ সম্পন্ন করার সক্ষমতা রয়েছে—এমন অংশীদার খুঁজছে যেসব প্রতিষ্ঠান, তাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে।'
টাটা প্রজেক্টস প্রযুক্তিনির্ভর একটি প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) প্রতিষ্ঠান। কোম্পানিটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কারখানাসহ বৃহৎ ও জটিল নগর ও শিল্প অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করে থাকে।