মনজুর এ আজিজ: এলপি গ্যাসের বাজারদরে অস্থিরতা থামছেই না, ক্ষেত্রবিশেষে ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা থেকে ২৫৫০ টাকায় বেচাকেনা চলেছে। অন্যদিকে, সরবরাহ না থাকায় অর্ধেকের বেশি অটোগ্যাস ফিলিং স্টেশন বন্ধ বলে জানা গেছে।
অটোগ্যাস ফিলিং স্টেশন মালিক সমিতির প্রেসিডেন্ট সিরাজুল মাওলা গণমাধ্যমকে বলেন, সারা দেশে থাকা ১ হাজার ফিলিং স্টেশনের মধ্যে অর্ধেক পুরোপুরি বন্ধ। আর বাকি অর্ধেকেও সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেক কম। বিশেষ করে উত্তরাঞ্চলের অবস্থা বেশি খারাপ।
অটোগ্যাস ফিলিং স্টেশনের একজন ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, আমাদের কাছে বিক্রি না করে বাইরে বেশিদামে বিক্রি করছে আমদানিকারকরা। বিইআরসি নির্ধারিত দর (টন প্রতি) ১ লাখ ৪৫ হাজার টাকা, সেখানে তারা ১ লাখ ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা চাচ্ছে। আগের মতোই ভাউচার ছাড়া বেশি দাম নিচ্ছে। যে কারণে আমরা ফিলিং স্টেশন বন্ধ রেখেছি। কেউ কেউ অল্প পরিমাণে পাচ্ছে সেটাই বিক্রি করছে।
পরিবেশকদের সংগঠন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক আবু তাহের কোরাইশী গণমাধ্যমকে বলেন, আমদানিকারকরা বেশি দাম নিলে বাজার কীভাবে স্বাভাবিক হবে! কোনো কোনো কোম্পানি ২৩০০ টাকা পর্যন্ত আদায় করছে। আমরা যে বেশি দামে কিনছি তার প্রমাণসহ ভোক্তা অধিদপ্তরকে অবগত করেছি। তারা কীভাবে বাড়তি টাকা অন্য একাউন্টে নিচ্ছে সেই তথ্য প্রমাণসহ।
তিনি বলেন, আমরা বিইআরসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়ে এসেছি। এলপিজি আমদানি করছে না এমন কয়েকটি কোম্পানি বেশি দাম নিচ্ছে সে তথ্যও দিয়ে এসেছি। এছাড়া অনেক কোম্পানি যথাযথ গাড়িভাড়া দিচ্ছে না। ক্ষেত্রবিশেষে আগের থেকে গাড়ি ভাড়া কমানো হয়েছে।
আমদানিকারক কর্তৃক পরিবেশকের ঘরে পৌঁছে দেওয়ার শর্তে ১২ কেজি দাম ১৯০৫ টাকা। পরিবেশক খুচরা বিক্রেতার ঘরে পৌঁছে দিয়ে ১৯৯০ টাকা এবং খুচরা বিক্রেতা ৭০ টাকা লাভে ২০৬০ টাকায় বিক্রি করার কথা। তারপরও অনেক এলাকায় ২১০০ থেকে ২৫৫০ টাকায় বেচাকেনার খবর পাওয়া যাচ্ছে।খোদ রাজধানীতেই গুনতে হচ্ছে ২৫০০ টাকার ওপরে। পান্থপথের চা দোকানি সাইফুল ইসলাম ৯ নভেম্বর ২৫০০ টাকা দিতে কেনার কথা দাবি করেছেন।
মোহাম্মদপুরের ফাস্ট ফুড বিক্রেতা আনোয়ার মিয়া দাবি করেছেন ২৫৫০ টাকার কথা। ২০২৫ সালের ডিসেম্বরে এক দফায় এলপিজি খাতে নজিরবিহীন অরাজকতা ছড়ায়। কিন্তু কখনও কোনো আমদানিকারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নজির নেই। সংকটকে পূঁজি করে নানান সুবিধা আদায় করে নিয়ে গেছে আমদানিকারকরা। সেপ্টেম্বর মাসে শুরু হওয়া সংকটের কথা বলে আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন বাড়িয়ে দেওয়া হয়েছে।
আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।
২০২৫ সালের সংকটে আমদানিসীমা বাড়িয়ে দেওয়া, ট্যাক্স কমানো এবং এলসি ঋণ সুবিধার ধারাবাহিকতায় ফ্রেইটচার্জও (জাহাজ ভাড়া) টন প্রতি ১০৮ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার করা হয়। শুধু এসব সুবিধা নয়, আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে ঋণে এলসি খোলার অনুমতি প্রদান করা হয়। তারপরও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পরে এলপিজি আমদানির চালকের আসন থেকে সরে যায় বেক্সিমকো, ওরিয়ন, বসুন্ধরাসহ কয়েকটি কোম্পানি। সেই জায়গা দখল করে নেয় আজম জে চৌধুরীর ইস্টকোস্ট গ্রুপ, হাসান মাহমুদ রাজার কোম্পানি ইউনাইটেড গ্রুপ, এনার্জি প্যাক, যমুনা স্পেসটেক এলপিজি, বিএম এলপিজিসহ হাতে গোনা কয়েকটি কোম্পানি।
আমদানি বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর বাজারে থাকা সিলিন্ডার সংকটকে প্রকট করছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। ওইসব সিলিন্ডার অন্য কোম্পানি নিতে চাইছে না। এতে করে অনেক ভোক্তা নতুন সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। ওই কোম্পানিগুলো বেশি টাকা নিচ্ছেন, আর সেই সুযোগে অন্য কোম্পানির সিলিন্ডারেও বাড়তি দাম হাতানোর খবর পাওয়া যাচ্ছে। আমদানি করতে না পারা কোম্পানিগুলো, আমদানি সচল থাকা কোম্পানির কাছ থেকে পাইকারি কেনার প্রস্তাব দিয়ে রেখেছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্ষেত্রবিশেষে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ সঠিক। আবার কিছু এলাকায় কম দামেও বিক্রির তথ্য উঠে এসেছে জেলা প্রশাসকদের রিপোর্টে। আমদানি করছে না এমন কয়েকটি কোম্পানি বেশিদামে বিক্রি করছে বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে, খুব শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারব। গত ২ নভেম্বর ঘোষিত এলপিজির দরের বিস্তারিত আদেশে এ বিষয়ে নির্দেশনা থাকবে।
চেয়ারম্যান আরও বলেন, আমরা মনে করছি যারা আমদানি করতে পারছে না সেইসব কোম্পানি পাইকারি কিনতে পারলে সংকট কমে আসবে। ইতোমধ্যে সৌদি সিপি (আন্তর্জাতিক বাজারদর) টন প্রতি প্রায় ৬০ ডলারের মতো কমেছে। এখন এলপিজি ধরে রাখার প্রবণতাও কমে আসবে। আরও বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, আশা করছি আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে অস্থির হয়ে পড়েছে এলপিজির বাজার। অন্তর্জাতিক বাজারদর ঊর্ধ্বমুখী হলে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। রাষ্ট্রীয় একটি গোয়েন্দা বাহিনীর রিপোর্টেও বাজারে কৃত্রিম সংকটের বিষয়টি উঠে আসে। এতে করে ১৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২২০০ থেকে ২৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে। বেসামাল পরিস্থিতির মধ্যেই অক্টোবর মাসে ১২ কেজিতে ২৫২ টাকা এবং নভেম্বর মাসে ২২৩ টাকা করে বাড়িয়ে খুচরা মূল্য ২০৬০ টাকা করা হয় বলে জানান তিনি।