বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর ঘিরে এবার শুরুতেই তৈরি হয়েছে নানা বিতর্ক। ফ্র্যাঞ্চাইজি বিরোধ, ভিসা জটিলতা, দুর্ঘটনা ও ব্যক্তিগত কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন প্রতিযোগী।
সব মিলিয়ে ১৫টি দেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা এবারের আয়োজনকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।
এরই মধ্যে প্রতিযোগীদের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে প্রতিযোগিতার জৌলুশের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর অনুপস্থিতি নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত বিরোধের কারণে এশিয়ার ছয়টি দেশের প্রতিনিধিরা এবার প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। দেশগুলো হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।
মিস ইউনিভার্সের স্বত্ব ও ফ্র্যাঞ্চাইজি পরিচালনার অধিকার নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরোধের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। মিস ইউনিভার্সের ব্র্যান্ডের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জেকেএন ইউনিভার্স এলএলসি দাবি করেছে, মিস ইউনিভার্স ইস্টার্নের এসব দেশের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার বৈধ কর্তৃত্ব নেই। ফলে সংশ্লিষ্ট চুক্তিগুলোও তারা স্বীকৃতি দিচ্ছে না। তবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে।
এদিকে, এবার অংশ নিতে না পারলেও আগামী বছর মিস ইউনিভার্সের ৭৬তম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে ভিয়েতনাম।
ফ্র্যাঞ্চাইজি বিরোধের পাশাপাশি ভিসা জটিলতাও এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিনিধিরা ভিসা সংক্রান্ত সমস্যার কারণে পুয়ের্তো রিকো যেতে পারছেন না।
এ ছাড়া ব্যক্তিগত কারণ ও দুর্ঘটনার কারণে কয়েকজন প্রতিযোগী নিজেদের নাম প্রত্যাহার করেছেন। অস্ট্রিয়ার প্রতিনিধি ভিক্টোরিয়া অ্যামারসন মানসিক ও শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বুলগেরিয়ার প্রতিনিধি আনা-মারিয়াও সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে তার শারীরিক অবস্থা প্রতিযোগিতায় অংশ নেওয়ার উপযোগী নয়। তার সুস্থতা ও নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। তবে মালদ্বীপের আমিনাত ইউইন মোহাম্মদ ও মরক্কোর সারা আল্লালি কেন প্রতিযোগিতা ছেড়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি বিরোধ, ভিসা জটিলতা এবং ব্যক্তিগত নানা ঘটনায় এবারের মিস ইউনিভার্সের ৭৫তম আসর শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছে।