স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। এ সময় স্কালোনিও উপস্থিত ছিলেন। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত। পাশাপাশি আরও চার বছর চুক্তি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
দায়িত্ব চালিয়ে যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ৪৮ বছর বয়সী স্কালোনি। তিনি বলেন, ‘প্রথম দিনের মতোই এখনো আমার ক্ষুধা ও রোমাঞ্চ একই রকম। এই ধারা অব্যাহত রাখতে পেরে আমি খুশি। আমি কৃতজ্ঞ। এখন থেকে নতুন একটি প্রক্রিয়া শুরু হবে।’
তবে স্কালোনির কোচিং স্টাফে পরিবর্তন আসছে। তাঁর দীর্ঘদিনের সহকারী ওয়াল্টার সামুয়েল ইউরোপে কোচিং করানোর সিদ্ধান্ত নেওয়ায় নতুন মেয়াদে থাকছেন না। বাকি সদস্যরা অবশ্য অপরিবর্তিত থাকবেন।
গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্কালোনি। আগামী ডিসেম্বর পর্যন্ত ছিল তাঁর আগের চুক্তির মেয়াদ। এএফএ সভাপতি তাপিয়ার সঙ্গে কয়েক দফা বৈঠক এবং পরিবারের সঙ্গে আলোচনার পর দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।