শিরোনাম
◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জমির দাম নির্ধারণে নতুন নিয়ম, বাতিল হলো সর্বনিম্ন মৌজা মূল্য

জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে প্রচলিত সর্বনিম্ন মৌজা মূল্য বাতিল করে প্রকৃত বাজারমূল্য কার্যকর করেছে সরকার। কর ফাঁকি ও অপ্রদর্শিত সম্পদ কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত কমিটি সম্পত্তির মূল্য নির্ধারণ করবে। এসব মূল্যতালিকা তিন বছর কার্যকর থাকবে। 

আগে জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি মূল্য নির্ধারণ করত এবং প্রতি দুই বছর পর তালিকা হালনাগাদ করা হতো।

এ বিষয়ে গত বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এর সংশোধনী জারি করেছে সরকার।

Advertisement

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, আগের পদ্ধতিতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত হতো না। ফলে করের আওতার বাইরে থাকা অর্থ ও সম্পদ জমার সুযোগ তৈরি হয়েছিল।

তিনি বলেন, ‘মৌজা মূল্যের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়। সাধারণত এই মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম। ফলে দুই মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়।’

এ ব্যবধানের কারণে কর ফাঁকি দেওয়া এবং অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হয় বলে জানান তিনি। নতুন পদ্ধতির লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প কর থেকে সরকার ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। সংশোধিত বিধিমালায় ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে কমিটিগুলোকে এখন ন্যূনতম মূল্য নয়, সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে।

এ কাজের জন্য তিন স্তরে কমিটি গঠন করা হবে। সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। এর সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার।

পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণ করবে জেলা কমিটি। এ কমিটির নেতৃত্বে থাকবেন জেলা প্রশাসক (ডিসি)। 

আর এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি। এর সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন।

জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, সড়ক যোগাযোগ এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করবে কমিটিগুলো। 

এছাড়া সরকারি মূল্যায়ন, নিবন্ধিত দলিলে সাম্প্রতিক জমি কেনাবেচার তথ্য এবং স্থানীয়ভাবে অনুসন্ধান ও গণশুনানির মাধ্যমে পাওয়া বাজারদরও বিবেচনায় নেওয়া হবে।

কমিটিগুলোকে এমন মূল্যতালিকা তৈরি করতে হবে, যা তিন বছর কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার আগে বিদ্যমান মূল্য পর্যালোচনা করে নির্ধারিত প্রক্রিয়ায় নতুন তালিকা তৈরি করতে হবে। 

দলিলে উল্লেখ করা সম্পত্তির মূল্য ও প্রকৃত বাজারমূল্যের মধ্যে পার্থক্য থাকলে কীভাবে মূল্য নির্ধারণ করা হবে, সংশোধনীতে তা-ও স্পষ্ট করা হয়েছে।

এমদাদুল হক চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের এ পদ্ধতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ‘আমরা এখন বাজারভিত্তিক মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছি।’

জমির পরিমাপ ও মালিকানা-সংক্রান্ত তথ্য, জমির দাম এবং কোনো এলাকার উন্নয়নের মাত্রাসহ বিভিন্ন সূচক ব্যবহার করে স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করছে সরকার।

এমদাদুল বলেন, ‘এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি অনলাইন ব্যবস্থা তৈরি করা হবে। এটা অনেকটা সূত্রভিত্তিক হবে। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে সম্পত্তির বাজারমূল্য নির্ধারিত হবে।’

ব্যবস্থাটি তৈরি করতে এক থেকে দেড় বছর লাগতে পারে। এতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে।

তিনি বলেন, ‘তবে প্রকৃত সমাধান এই অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে আসবে না। নতুন মূল্যায়ন ব্যবস্থা তৈরি করতে আমাদের আরও এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত নতুন ব্যবস্থাটিই বর্তমান পদ্ধতির জায়গা নেবে।’

তিনি আরও বলেন, ‘সবশেষে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর ব্যবস্থাটিই হবে প্রকৃত সমাধান।’

এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে লেনদেনের খরচ না কমিয়ে বাজারদর অনুযায়ী সম্পত্তির মূল্য নির্ধারণ করা হলে ক্রেতা ও আবাসন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ অবশ্যই স্বাগত জানানোর মতো। তবে সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে বাজারদর কার্যকর করতে হলে সতর্ক ও ভারসাম্যপূর্ণ পদ্ধতি অনুসরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সম্পত্তি কেনাবেচার লেনদেন ব্যয় অনেক বেশি। নিবন্ধন ফি ৪ থেকে ৫ শতাংশে না নামিয়ে মৌজা মূল্য বাড়ানো হলে ক্রেতাদের আর্থিক চাপ আরও বাড়বে।’

স্নেহাশীষ বলেন, ‘অবিলম্বে প্রকৃত বাজারদরের সঙ্গে মূল্য সমন্বয় করা হলে আবাসন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। কারণ অনেক ক্রেতারই সম্পত্তি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই।’

তাই ক্রেতাদের সামর্থ্য ও আবাসন খাতের স্থিতিশীলতা বজায় রেখে আগামী পাঁচ থেকে ছয় বছরে ধাপে ধাপে বাজারদরের সঙ্গে সম্পত্তির মূল্য সমন্বয়ের পরামর্শ দেন তিনি।

তবে প্রচলিত ব্যবস্থায় কালো টাকা তৈরির সুযোগ কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন স্নেহাশীষ।

স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, নিয়মিতভাবে বাজারদরের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হলে কর আদায় বাড়তে পারে। একই সঙ্গে করব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করাও সহজ হবে।

তিনি বলেন, ‘বাজারভিত্তিক মূল্য নির্ধারণের ফলে করের বোঝা কমানোর যে দাবি রয়েছে, তা পূরণেরও সুযোগ তৈরি হতে পারে।’

তবে এ সংস্কার শুধু জমি কেনাবেচার করের মধ্যে সীমাবদ্ধ না রেখে আয়কর ও সম্পত্তি করসহ সামগ্রিক করব্যবস্থায় সম্প্রসারণ করা উচিত বলে মনে করেন তিনি।

স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সম্পত্তি কেনাবেচার প্রক্রিয়া ডিজিটাল করার পাশাপাশি আয়কর, সম্পত্তি কর এবং অন্যান্য তথ্যভাণ্ডারের মধ্যে সমন্বয় গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ উদ্যোগকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আধুনিকায়ন কর্মসূচি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৃহত্তর সংস্কার আলোচনার অংশ করার আহ্বান জানান তৌফিকুল।

তার মতে, রাজস্ব আদায় জোরদার এবং করের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে মধ্যমেয়াদি সংস্কারের দিকে নজর দিতে হবে।

সূত্র : দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ