মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তালা ভেঙে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের স্বর্ণালংকারের পাশাপাশি প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে তিন শতাধিক অতিথির আপ্যায়নের জন্য কেনা খাবারসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে গেছে চোরের দল। শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় অবস্থিত ভবতারিণী কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরটির প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করে তাঁর পরিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে খাবার ও আনুষঙ্গিক প্রয়োজনীয় সামগ্রী মন্দিরের ভেতরে রাখা হয়। কিন্তু রাতের কোনো একসময় চোরের দল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মন্দিরের স্বর্ণালংকার ও শ্রাদ্ধানুষ্ঠানের জন্য কেনা খাবারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত হীরা বর্মণ (৪৮) জানান, মন্দিরের পাশের একটি ঘরে তিনি থাকেন। ঘটনার রাতে চোরেরা তাঁকে ওই ঘরে তালাবদ্ধ করে রাখে। এরপর মন্দিরের সিসিটিভি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে স্বর্ণালংকার ও শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা মধ্যাহ্নভোজের বিভিন্ন সামগ্রী নিয়ে যায় তারা।
শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে নবীনগরে আসা প্রয়াত সমীর ঘোষের ছোট ভাই অরূপ কুমার ঘোষ বলেন, ‘মেজদার শ্রাদ্ধানুষ্ঠান ও শুক্রবারের মধ্যাহ্নভোজের জন্য লক্ষাধিক টাকার বাজার করে বৃহস্পতিবার রাতে মন্দিরের ভেতরে রেখেছিলাম। কিন্তু রাতে মন্দিরের তালা ভেঙে সব মালামালের পাশাপাশি স্বর্ণালংকারও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি আমরা কল্পনাও করতে পারছি না।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় হতবাক মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে।’