শিরোনাম
◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসার (সাবক্লাস ১৮৯) আওতায় ২০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের অক্টোবরে এক দফায় স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা ক্যাটাগরিতে এই সুযোগ দেওয়া হচ্ছে।

এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দক্ষ পেশাজীবীদের অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ তৈরি হবে। বিশেষ করে দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা থাকা ক্ষেত্রগুলোতে যোগ্য প্রার্থীরা এই কর্মসূচির আওতায় আবেদনের সুযোগ পাবেন। সাবক্লাস ১৮৯ ভিসার পয়েন্টভিত্তিক ধারায় আবেদনকারীর জাতীয়তার চেয়ে পেশাগত যোগ্যতা, দক্ষতা, বয়স, ইংরেজি ভাষায় পারদর্শিতা ও অন্যান্য নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলোই গুরুত্বপূর্ণ।

ফলে বাংলাদেশে অবস্থানরত চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক, কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন পেশার যোগ্য ব্যক্তিরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর পেশা অবশ্যই অস্ট্রেলিয়ার নির্ধারিত পেশাতালিকার আওতায় থাকতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় স্কিলস অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হতে হবে।

এ ক্ষেত্রে বাংলাদেশের প্রার্থীদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা, শিক্ষাগত সনদের গ্রহণযোগ্যতা ও নিজ নিজ পেশায় অভিজ্ঞতার যথাযথ প্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Advertisement

স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) হচ্ছে অস্ট্রেলিয়ার একটি পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এই ভিসার অন্যতম বৈশিষ্ট্য হলো, আবেদনকারীর অস্ট্রেলিয়ায় কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ কিংবা কোনো রাজ্য সরকারের মনোনয়ন প্রয়োজন হয় না। ভিসা পাওয়ার পর একজন অভিবাসী অস্ট্রেলিয়ার যেকোনো স্থানে বসবাস ও কাজ করতে পারেন।

এই ভিসার জন্য প্রার্থীকে প্রথমে স্কিলসিলেক্ট ব্যবস্থায় এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিতে হয়। এরপর পেশাগত যোগ্যতা, বয়স, ইংরেজি ভাষা দক্ষতা, কর্ম-অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে পয়েন্ট নির্ধারণ করা হয়। যোগ্য প্রার্থীদের মধ্য থেকে অস্ট্রেলিয়ার সরকার নির্বাচিতদের আবেদনের আমন্ত্রণ জানায়। বাংলদেশ থেকেও এই প্রক্রিয়ায় আবেদন করা সম্ভব।

সাধারণত আবেদনকারীকে আমন্ত্রণ পাওয়ার সময় ৪৫ বছরের কম বয়সী হতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পেশার জন্য অনুমোদিত কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক স্কিলস অ্যাসেসমেন্ট এবং প্রয়োজনীয় ইংরেজি দক্ষতার প্রমাণ থাকতে হয়। পয়েন্ট পরীক্ষায় ন্যূনতম ৬৫ পয়েন্ট অর্জনের যোগ্যতা থাকলেই আমন্ত্রণ নিশ্চিত হয় না। কারণ পেশাভিত্তিক প্রতিযোগিতা, প্রার্থীর প্রাপ্ত পয়েন্ট এবং আমন্ত্রণের ক্ষেত্রে নির্ধারিত স্কোরও গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা পূরণে স্বাস্থ্যসেবা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, নির্মাণ ও কৃষিসহ বিভিন্ন পেশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৫ অক্টোবরের আমন্ত্রণ রাউন্ডে বিভিন্ন পেশার প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিজ্ঞানী, নির্মাণকর্মী, ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মী আছে। তবে সব পেশার জন্য একই পয়েন্টে আমন্ত্রণ জানানো হয়নি। পেশাভেদে আমন্ত্রণ পাওয়ার ন্যূনতম পয়েন্টের পার্থক্য আছে। সরকারি তালিকায় কিছু পেশার ক্ষেত্রে ৬৫ পয়েন্ট থেকে শুরু করে কোনো কোনো পেশায় ১০০ পয়েন্ট পর্যন্ত প্রয়োজন হবে।

এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ২০ হাজারের পরিসংখ্যানটি হচ্ছে ভিসার জন্য আবেদন করার আমন্ত্রণের সংখ্যা। এটি চূড়ান্তভাবে ভিসা মঞ্জুর হওয়ার ঘোষণা নয়। আমন্ত্রণ পাওয়ার পর, প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন করতে হবে এবং স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও অন্যান্য অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

অস্ট্রেলিয়ার ২০২৬–২৭ অর্থবছরের মোট স্থায়ী অভিবাসন কর্মসূচিতে ১ লাখ ৮৫ হাজার জনের পরিকল্পিত বরাদ্দ আছে। এর মধ্যে দক্ষ অভিবাসন কর্মসূচির জন্য রাখা হয়েছে ১ লাখ ৩২ হাজার ২৪০টি। এই কর্মসূচির আওতায় দক্ষ জনশক্তি আকর্ষণ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রয়োজনীয় জনবলের চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসন কর্মসূচিতে বাংলাদেশি পেশাজীবীদের জন্যও সম্ভাব্য সুযোগ তৈরি হয়েছে। তবে আবেদনের আগে সংশ্লিষ্ট পেশার যোগ্যতা, পয়েন্ট, ইংরেজি দক্ষতা এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা যাচাই করা জরুরি। সূত্র: ডেইলি স্টার

  • সর্বশেষ