শিরোনাম
◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-আওয়ামী লীগের দ্বন্দ্ব ছাপিয়ে নতুন রাজনীতির পথে বাংলাদেশ?

বাংলাদেশের রাজনীতি যেন গোধূলিবেলার এক নদী। দূর থেকে দেখলে একে শান্ত ও অপরিবর্তনীয় মনে হতে পারে। কিন্তু কাছে গেলে দেখা যায়, এর গভীরে লুকিয়ে আছে চোরা স্রোত, ঘূর্ণি এবং একে অপরের বিপরীতে টানতে থাকা বিরামহীন টানাপোড়েন।

দশকের পর দশক ধরে এই নদীর দুই পাড়ে দাঁড়িয়ে ছিল দুটি রাজনৈতিক শক্তি। এক পাড়ে আওয়ামী লীগ—যাদের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আরেক পাড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—যারা এখন ক্ষমতাসীন।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বড় অংশই আবর্তিত হয়েছে এই দুই দলকে কেন্দ্র করে। সংসদীয় বিতর্ক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, রাজপথের আন্দোলন, গণঅভ্যুত্থান, এমনকি ঘরের ভেতরের রাজনৈতিক তর্কবিতর্কও প্রায়ই এই দুই দলকে ঘিরে ঘুরপাক খেয়ে থাকে।

এই দুই দল একে অপরের প্রতিপক্ষ, সমালোচক এবং ক্ষমতা ও বিরোধী দলের চিরাচরিত নাটকের প্রধান কুশীলব। পরিহাসের বিষয় হলো, এক অর্থে দুটি দলই নিজের অস্তিত্বের জন্য অপরটির ওপর নির্ভরশীল ছিল। দিন ও রাতের মতোই তারা ছিল এমন দুই বিপরীত সত্তা, যারা একে অপরের বৈপরীত্য থেকেই নিজেদের অর্থ ও প্রাসঙ্গিকতা খুঁজে পেত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সীমানাও নির্ধারণ করে দিয়েছিল এই দুই দল।

Advertisement

কিন্তু, ইতিহাস কখনো স্থির থাকে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের রাজনৈতিক পটপরিবর্তন এবং সক্রিয় রাজনীতি থেকে আওয়ামী লীগের ছিটকে পড়ার ঘটনায় বাংলাদেশ এসে দাঁড়িয়েছে স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে।

একটি প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার অন্যতম প্রধান পক্ষ না থাকলে সেই ব্যবস্থার কী পরিণতি হয়? দীর্ঘকাল ধরে দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোয় অভ্যস্ত জাতির সেই ভারসাম্য যখন ভেঙে পড়ে, তখন কী ঘটে?

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সংঘাত কখনোই শুধু নির্বাচনকেন্দ্রিক ছিল না। বরং এটি ছিল ইতিহাসের দখল নিয়েও এক লড়াই। মুক্তিযুদ্ধের ‘বৈধ উত্তরাধিকারী’ কে? জাতি হিসেবে নিজেদের পরিচয় কী হবে? ধর্ম ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? আঞ্চলিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান কী হবে? সময়ের সাথে সাথে রাজনৈতিক প্রতিযোগিতা রূপ নেয় আদর্শিক সংঘাতে। আর আদর্শিক সংঘাত রূপ নেয় পারস্পরিক অবিশ্বাসে। শেষ পর্যন্ত সেই অবিশ্বাস পরিণত হয় অস্তিত্ব রক্ষার সংগ্রামে। বাংলাদেশের গণতন্ত্রের ট্র্যাজেডি অনেকটা এই দুই দলের সম্পর্কের এমন রূপান্তরের মধ্যেই নিহিত।

এ অঞ্চলে রাজনৈতিক প্রতিপক্ষরা প্রায়ই একে অপরকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। এর ফলে নির্বাচনগুলো আর নিয়মিত গণতান্ত্রিক চর্চা হিসেবে থাকে না, বরং এমন এক জীবন-মরণ লড়াইয়ে পরিণত হয়, যেখানে পরাজয় মানেই ধ্বংস আর বিজয় মানেই নিরঙ্কুশ আধিপত্য। এখানে সমঝোতাকে দুর্বলতা হিসেবে দেখা হয়, আর সংযম দেখানো রাজনৈতিকভাবে লোকসানের।

১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের পর বাংলাদেশ এমন এক যুগে প্রবেশ করে, যেখানে ক্ষমতার পালাবদল হতো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। অন্যান্য দলও ছিল, যাদের কেউ হয়তো জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বেশ শক্তভাবেই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ ছিল।

এই ব্যবস্থা ভোটারদের কাছে যে ধারণা তৈরি করেছিল তা হলো তারা চাইলে দেশের সরকার পরিবর্তন হতে পারে। কোনো দলই অজেয় নয়, কোনো নির্বাচনে বিজয় মানেই তা চিরস্থায়ী নয়।

কিন্তু দুই দলের এই প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে রাজনীতির গণ্ডি পেরিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমলাতন্ত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিক সমাজেও ছড়িয়ে পড়ে। সরকারি প্রতিষ্ঠানগুলো ক্রমশ দলীয় সংঘাতে জড়িয়ে পড়তে থাকে। আস্থার সংকট তৈরি হয়, নষ্ট হয়ে যায় ঐকমত্যের সব সম্ভাবনা। কখনো কখনো রাষ্ট্রকেই মনে হতো দুই বিপরীত রাজনৈতিক বয়ানের লড়াইয়ের মধ্যে আটকে পড়া এক সত্তা।

বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের একটি অনন্য স্থান রয়েছে। এর শেকড়ে সেসব সংগ্রাম, যা এ দেশের রাজনৈতিক চেতনাকে গড়ে তুলেছে। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে দলটি অপরিহার্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কয়েক প্রজন্মের কাছে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলই ছিল না, বরং ছিল একটি ঐতিহাসিক প্রতীক।

কিন্তু ইতিহাস কাউকে চিরস্থায়ী দায়মুক্তি দেয় না। যে দলটি একসময় মানুষের আকাঙ্ক্ষার প্রতীক ছিল, পরবর্তী সময়ে সেই দলটিই ক্রমশ সমালোচনার মুখে পড়ে। বছরের পর বছর নিরবচ্ছিন্ন ক্ষমতা দলটির মধ্যে কর্তৃত্ববাদী প্রবণতা নিয়ে আসে, সংকুচিত হয় গণতান্ত্রিক পরিসর, দুর্বল হয়ে পড়ে বিরোধী রাজনীতি এবং ক্ষমতা ক্রমশ এককেন্দ্রীভূত হতে থাকে। কেউ এসব সমালোচনা গ্রহণ করুন বা প্রত্যাখ্যান করুন, সময়ের সাথে সাথে সেগুলো পুঞ্জীভূত হয়েছিল।

ইতিহাসের অন্যান্য বড় বাঁকবদলের মতো ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে আকস্মিক মনে হলেও, এর পেছনে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা ও অমীমাংসিত দ্বন্দ্ব। অভ্যুত্থানে যে পরিবর্তন এসেছে, তা শুধু কোনো সরকারের পতন নয়, বরং কয়েক দশক ধরে টিকে থাকা একটি রাজনৈতিক ভারসাম্যের অবসানেরও ইঙ্গিত।

সাধারণভাবে দেখলে মনে হতে পারে যে প্রধান প্রতিদ্বন্দ্বী দুর্বল হয়ে পড়েছে বলে বিএনপির জন্য বিশাল এক সুযোগ এসেছে। কিন্তু ইতিহাস ভিন্ন কথা বলে। বিরোধী দলগুলোর কাছে দূর থেকে ক্ষমতায় থাকাকে সহজ ব্যাপার বলে মনে হতে পারে। ক্ষমতার বাইরে থাকলে গণতন্ত্রের পক্ষে কথা বলা সহজ। প্রতিষ্ঠানগুলো নিজের নিয়ন্ত্রণে না থাকলে প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা দাবি করা সহজ। দেশ পরিচালনার দায়িত্বে না থাকলে স্বচ্ছতার প্রশ্ন তোলা সহজ।

এবার ক্ষমতায় এসে বিএনপি এমন এক চ্যালেঞ্জের মুখোমুখি, যা নির্বাচনী রাজনীতির চেয়েও বড় কিছু। অতীতে তারা যেসব প্রবণতার সমালোচনা করত, এখন কি তারা সেগুলোর পুনরাবৃত্তি এড়াতে পারবে? প্রতিষ্ঠানগুলোকে দখল করার পরিবর্তে তারা কি সেগুলোকে শক্তিশালী করতে পারবে? দলটি কি প্রমাণ করতে পারবে যে আধিপত্য ও বর্জনের পুরোনো চক্রের পুনরাবৃত্তি না ঘটিয়েও রাজনৈতিক ক্ষমতা চর্চা করা সম্ভব?

রাজনৈতিক দলকে দুর্বল করা যায়, নিষিদ্ধ করা যায় কিংবা কোণঠাসা করে ফেলা যায়। কিন্তু খুব কম ক্ষেত্রেই পুরোপুরি বিলীন করে দেওয়া যায়। আমাদের দেশে এর একটি বাস্তব উদাহরণ জামায়াতে ইসলামী।

আওয়ামী লীগের উত্তরাধিকার বাংলাদেশের রাজনৈতিক বুননে গভীরভাবে জড়িয়ে আছে। সে কারণে আনুষ্ঠানিক রাজনীতি থেকে তাদের অনুপস্থিতি জনজীবন থেকে তাদের অস্তিত্বকে এত সহজে মুছে ফেলবে না। ভবিষ্যতে নতুন নেতৃত্বে কিংবা ভিন্ন কোনো রূপে দলটির পুনরুজ্জীবন, বিভাজন বা রূপান্তর ঘটতে পারে।

এদিকে যে তরুণ প্রজন্মের আবির্ভাব আমাদের রাজনীতিতে ঘটেছে, যাদের উদ্বেগ ও অগ্রাধিকার বিগত দশকগুলোর চেয়ে অনেকটাই আলাদা। অনেক তরুণের কাছে পুরোনো আদর্শিক লড়াই আগের মতো আবেগময় হয়নি। তাদের অগ্রাধিকারগুলো অনেক বেশি তাৎক্ষণিক ও বাস্তবমুখী। কর্মসংস্থান, শিক্ষা, মেধাভিত্তিক সুযোগ, স্বচ্ছতা, দক্ষ শাসনব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক সচ্ছলতাকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে।

বর্তমান তরুণ প্রজন্ম বিগত সময়ের মৌলিক সংঘাতগুলো দেখেনি। তারা সেই সংঘাতের ফলাফল উত্তরাধিকারসূত্রে পেয়েছে ঠিকই, কিন্তু সেই পুরোনো আনুগত্যগুলো বয়ে বেড়াতে তারা বাধ্য নয়। ফলে ভবিষ্যতের রাজনীতি হয়তো আর শুধু ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ-বিএনপি বিভাজনকে কেন্দ্র করে আবর্তিত হবে না। বরং তা ক্রমশ কিছু সুনির্দিষ্ট প্রশ্নকে ঘিরে আবর্তিত হবে। কে কার্যকরভাবে দেশ পরিচালনা করছে? কে দুর্নীতির বিরুদ্ধে লড়ছে? কে মানুষের জন্য সুযোগ তৈরি করছে? কে স্বাধীনতা রক্ষা করছে? আর কে এমন প্রতিষ্ঠান গড়ে তুলছে, যা ব্যক্তিবিশেষের চেয়েও দীর্ঘস্থায়ী হবে? এমন প্রশ্নই হয়তো নিয়ন্ত্রক হয়ে উঠবে সামনের দিনের রাজনীতির।

একটি জাতি তখনই বিকশিত হয়, যখন তারা নিজের ইতিহাস থেকে শিক্ষা নেয়। আর বাংলাদেশের সাম্প্রতিক দশকের ইতিহাস আমাদের রাজনীতিবিদদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠতে পারে। অনিয়ন্ত্রিত রাজনৈতিক আধিপত্য রাষ্ট্রব্যবস্থার ভারসাম্যহীনতা ঘটায়। আবার অর্থপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা একদমই না থাকলে ঝুঁকি তৈরি হয়।

বাংলাদেশের এখন নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের চেয়েও বেশি প্রয়োজন একটি নতুন অঙ্গীকার বা সামাজিক চুক্তি, প্রয়োজন এমন এক অভিন্ন বোঝাপড়া—যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা শত্রু হিসেবে গণ্য হবে না। নির্বাচন নির্ধারণ করবে না যে রাষ্ট্রের ‘মালিক’ কে। রাজনৈতিক পরাজয় মানেই রাজনৈতিক বিলুপ্তি হবে না। আর প্রতিষ্ঠানগুলো হবে ব্যক্তিবিশেষের চেয়েও শক্তিশালী। এমন রূপান্তর কখনোই সহজ নয়। কারণ এর জন্য প্রয়োজন ধৈর্য, প্রজ্ঞা, সংযম এবং এমন সব গুণাবলি, যা ঐতিহ্যগতভাবে আমাদের রাজনীতিতে নেই। কিন্তু এগুলো ছাড়া সংঘাতের এই দুষ্টচক্র অনির্দিষ্টকাল ধরে চলতেই থাকবে।

পুরোনো রাজনৈতিক ব্যবস্থা হয়তো আর ফিরবে না। নতুন কুশীলবদের আবির্ভাব ঘটেছে। নতুন মেরুকরণও স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পুরো কাঠামোই হয়তো এমন কিছুতে রূপ নেবে, যা আগের প্রজন্মের কাছে অপরিচিত মনে হতে পারে। কিন্তু একটি সত্য চিরন্তন: বাংলাদেশের ভবিষ্যৎ কোনো একক দল বা নেতার দ্বারা নির্ধারিত হতে পারে না। তা নির্ধারিত হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দৃঢ়তা, নাগরিকদের প্রজ্ঞা এবং স্বাধীনতা ও স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য রক্ষায় জাতির সক্ষমতার ওপর।

মহিউদ্দিন আহমদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের লেখক ও গবেষক।

(এই লেখায় প্রকাশিত মতামত লেখকের নিজস্ব)

  • সর্বশেষ