মনিরুল ইসলাম : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, দেশপ্রেম ও বিদ্রোহী চেতনাকে আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’। নজরুল বর্ষ উদযাপন এবং সংগঠনটির প্রতিষ্ঠার ৩৬তম বর্ষ উপলক্ষে মঞ্চস্থ হয়েছে নির্বাচিত ১৮টি কবিতা নিয়ে বিশেষ আবৃত্তি প্রযোজনা ‘আমারে দেবো না ভুলিতে’।
আজ শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দেশের প্রথম সারির আবৃত্তি সংগঠন হিসেবে পরিচিত ‘প্রকাশ’-এর এ আয়োজনে কাজী নজরুল ইসলামের নির্বাচিত ১৮টি কবিতা আবৃত্তির মাধ্যমে পরিবেশন করা হয়। কবিতাগুলোর মধ্য দিয়ে নজরুলের বহুমাত্রিক সাহিত্যভাবনা, প্রেম, প্রকৃতি, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদী চেতনাকে দর্শক-শ্রোতার সামনে তুলে ধরা হয়।
আবৃত্তি প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল আলম পাপ্পু।
অনুষ্ঠানে আবৃত্তি করা কবিতাগুলোর মধ্যে ছিল ‘পাও শৌর্য দাও ধৈর্য’, ‘বাংলাদেশ’, ‘সিঁড়ি’, ‘বিদায়-বেলা’, ‘বিজয়িনী’, ‘বাদল-রাতের পাখি’, ‘তোমারে পড়িছে মনে’, ‘বর্ষা-বিদায়’, ‘অভিশাপ’, ‘হিন্দু-মুসলমান’, ‘কবি-রাণী’, ‘পিঞ্জর-ডাক’, ‘নদীপারের মেয়ে’, ‘শ্যামের আড়াল’, ‘এ মোর অহংকার’, ‘রাহীবন্ধন’ ও ‘১৪০০ সাল’সহ মোট ১৮টি কবিতা।
আবৃত্তিতে অংশ নেন দোলন রানি, মাজনুন নাহার শিরিন, শওকত হোসেন, ফেরদৌসী রহমান, আবু বকর সিদ্দিক, সুরভিয়া মেহেদী সঙ্গীতা, সাদিয়া রহমান লোপা, তুহিন আহমদ, উম্মে ছোহাইবা যুথী, সিরাজুল আফিয়া মেহেনাজ এবং ফয়জুল আলম পাপ্পু।
আয়োজনের আবহসংগীতে ছিলেন শিল্পী জুয়েল আল দীন। প্রযোজনা অধিকর্তার দায়িত্ব পালন করেন সঞ্জিত দাস।
বিশেষ এ আয়োজনটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, কবি ও সংস্কৃতিজন শহীদুল হাসান শাহীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। অনুষ্ঠান উপলক্ষে প্রকাশ করা হয় একটি সুদৃশ্য স্মারকিকা।
আয়োজকদের এ উদ্যোগে নজরুলের কবিতার চিরায়ত আবেদন নতুন করে আবৃত্তির ভাষায় প্রকাশ পেয়েছে। বিশেষ করে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে শক্তিশালী বার্তা নজরুলের কবিতায় রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস ছিল প্রযোজনাটিতে।
প্রতিষ্ঠার ৩৬ বছর পূর্তির প্রেক্ষাপটে ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’-এর এ আয়োজন আবৃত্তিচর্চার ধারাবাহিকতা ও নজরুলসাহিত্যের প্রতি দায়বদ্ধতারও প্রতিফলন। কবিতার শক্তি ও আবৃত্তিশিল্পের নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে জাতীয় কবিকে স্মরণ করার এ আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।