মনিরুল ইসলাম : বাংলা একাডেমীর আল মাহমুদ লেখক কর্নারে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’-র সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়েছিল; তাই শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশপন্থার মূলধারায় ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’ নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সাহিত্যচর্চাকে সমৃদ্ধ করার লক্ষ্যেই এ সাময়িকীর প্রকাশনা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং ‘শিশুবিচিত্রা’-র উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম।
আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামস-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাময়িকীটির সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তার বিকাশে মানসম্মত শিশুসাহিত্যের বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশুদের বইমুখী করে তোলার ক্ষেত্রে ‘শিশুবিচিত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, একটি শিশুর কল্পনার জগৎ যত সমৃদ্ধ হবে, তার ভবিষ্যৎ চিন্তা ও সৃষ্টিশীলতাও তত বিস্তৃত হবে। তাই শিশুদের জন্য আনন্দদায়ক, শিক্ষামূলক ও সৃজনশীল সাহিত্যচর্চার ক্ষেত্র তৈরি করা সময়ের দাবি।
উল্লেখ্য, বিশিষ্ট শিল্পী হাশেম খান-এর নামলিপি অলংকরণে ‘শিশুবিচিত্রা’-র প্রচ্ছদ নির্মাণ করেছেন ধ্রুব এষ। সম্পূর্ণ রঙিন ও সাদাকালো ২০০ পৃষ্ঠার এ সাময়িকীতে দেশবরেণ্য লেখক ও শিশুসাহিত্যিকদের লেখা স্থান পেয়েছে।