ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় জ্বালানিবাহী তিনটি বিশেষায়িত গাড়ি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি বিশেষ উড়োজাহাজে ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি উড়োজাহাজে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ের কাজ চলছে।
গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে এই পর্যায়ের কার্যক্রম শুরুর অনুমোদন দেন। এই ধাপে পর্যায়ক্রমে চুল্লির ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। প্রকল্প সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্রটির পারমাণবিক জ্বালানি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রথম ইউনিটের সব জ্বালানি ২০২৩ সালেই রূপপুরে এসে পৌঁছেছিল এবং চুল্লিপাত্রে তা প্রবেশ করানোর কাজ শেষ হয় গত মে মাসে। এরপর গত অক্টোবরের প্রথম সপ্তাহে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানিও রূপপুরে আসে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এটি বাস্তবায়ন করছে এবং কমিশনের অধীন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে। ১ হাজার ২০০ মেগাওয়াট করে দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।