শিরোনাম
◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। জর্দানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে তাকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারেক রহমান ছাড়াও এবারের সংস্করণে বাংলাদেশ থেকে আরো দুই নারী স্থান পেয়েছেন। তারা হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। তাদের দুজনকেই তালিকার ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে রাখা হয়েছে।

প্রকাশনাটিতে তারেক রহমানের পরিচিতি তুলে ধরে বলা হয়েছে, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে তিনি দেশে ফেরেন। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং নির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়।

অন্যদিকে, তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবে এই তালিকায় স্থান পেয়ে আসছেন। এ ছাড়া রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের স্বীকৃতিস্বরূপ স্থান পেয়েছেন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

উল্লেখ্য, ২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তার নাম রাখা হয়নি।

আরআইএসএসসি-এর তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে প্রতি বছর এই তালিকা প্রস্তুত করা হয়। প্রকাশনার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে সাজানো হয় এবং বাকি ৪৫০ জনকে কোনো নির্দিষ্ট ক্রম বা র‍্যাংকিং ছাড়া রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাংকিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

  • সর্বশেষ