দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে আবারো কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। চলতি বছরের ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ। তবে শ্রমবাজার চালুর আগেই অভিবাসন ব্যয় নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অসংগতি। সরকার কর্মীপ্রতি ব্যয় নির্ধারণ করেছে ১ লাখ ৫৪ হাজার টাকা। বেসরকারি রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টরা যদিও বলছেন, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীকে ব্যয় করতে হতে পারে ৬ থেকে ৭ লাখ টাকা। অর্থাৎ সরকারি ফির চেয়ে প্রকৃত অভিবাসন ব্যয় ৪ থেকে ৫ লাখ টাকা বেশি পড়বে। সূত্র: বণিক বার্তা
প্রাথমিকভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০ হাজার কর্মী পাঠানো হবে। এরপরই বেসরকারি এজেন্সিগুলো লোক পাঠানোর সুযোগ পাবে। এরই মধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে বেসরকারি পর্যায়ে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর আগেই অতিরিক্ত ব্যয়ের যে হিসাব সামনে এসেছে, তাতে আগের মতোই কর্মীদের কাছ থেকে বিপুল অর্থ আদায়ের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্প্রতি জানান, সরকারিভাবে ফি ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এমন কিছু করবেন না, যাতে এজেন্সির লাইসেন্স বাতিল বা আইনগত ব্যবস্থা নিতে হয়। মানুষের সাধ্যের বাইরে যাবেন না। চাকরির মিথ্যা আশ্বাস দেবেন না।
যেসব এজেন্সির ডিমান্ড আসবে, প্রত্যেকটি চাহিদাপত্রের বিপরীতে আলাদাভাবে বিস্তারিত তথ্য দিতে হবে। কোন কোম্পানিতে চাকরি, মেয়াদ কতদিন এবং কীভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে—সব তথ্য জানাতে হবে। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়ে কেউ প্রতারিত হলে তার পুরো অভিবাসন ব্যয় ফেরত দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হবে।’
জনশক্তি রফতানি খাতসংশ্লিষ্টদের পাশাপাশি অভিবাসন বিশেষজ্ঞরাও মনে করছেন, সরকার নির্ধারিত ব্যয় যেমন বাস্তবসম্মত নয়, তেমনি বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের ব্যবস্থাও দুর্বল। তাদের আশঙ্কা, আগের মতো সিন্ডিকেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ঠেকানো কঠিন হবে। এ পরিস্থিতিতে কর্মী পাঠিয়ে রেমিট্যান্স আয়ের বদলে উল্টো দেশ থেকে বিপুল অর্থ মালয়েশিয়ায় চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করেছে বলে অভিযোগ করেন অভিবাসনবিষয়ক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকী। তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়াটি যদি সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়, তাহলে অভিবাসন ব্যয় আকাশচুম্বী হবে।
এ প্রক্রিয়ায় মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিকেও নানা উপায়ে প্রভাবিত ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সিন্ডিকেট গঠনের জন্য এরই মধ্যে একেকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা নেয়া হয়েছে বলেও অভিযোগ। এসব অর্থ বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে। ফলে এ বিনিয়োগের অর্থ তুলে আনতে কর্মীদের কাছ থেকেই অতিরিক্ত টাকা আদায় করা হবে—এমন আশঙ্কা অমূলক নয়।’
অভিবাসন বিশেষজ্ঞরা এ পরিস্থিতিকে একধরনের ‘রিভার্স রেমিট্যান্স’ হিসেবে দেখছেন। তাদের ব্যাখ্যা, একজন কর্মী বিদেশে যেতে ৬-৭ লাখ টাকা ব্যয় করলে বিদেশে উপার্জিত আয়ের বড় অংশই চলে যাবে সেই ঋণ পরিশোধে। অন্যদিকে কর্মী নিয়োগের নামে রিক্রুটিং এজেন্সিগুলোর আদায় করা অর্থের একটি বড় অংশ মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। এর কিছু অর্থ হুন্ডির মতো অনানুষ্ঠানিক চ্যানেলে স্থানান্তরের আশঙ্কাও রয়েছে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্দেশ্যে কর্মী পাঠানো হলেও প্রক্রিয়াটির মধ্যেই দেশ থেকে বিপুল অর্থ বাইরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারী জানান, বেসরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রথমেই একটি চাহিদাপত্র কিনতে হয়। এ বাবদ কর্মীপ্রতি খরচ পড়ে ১১ থেকে ১২ হাজার রিঙ্গিত, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এর সঙ্গে কর্মীপ্রতি সিন্ডিকেট ফি বাবদ আরো দেড় লাখ টাকা দিতে হতে পারে। যদিও এ ফি এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বিএমইটি ছাড়পত্রের জন্য সাড়ে ৭-৮ হাজার, ভিসা ফি ২-৩ হাজার এবং বিমান ভাড়া ৪০-৫০ হাজার টাকা ব্যয় হবে। এর বাইরে রিক্রুটিং এজেন্সির মুনাফা ৫০ হাজার এবং সাব-এজেন্টদের কমিশন বাবদ যুক্ত হবে আরো ৫০ হাজার টাকা।
এসব খরচ মিলিয়ে একজন কর্মীর মালয়েশিয়া যেতে সর্বনিম্ন ব্যয় দাঁড়াবে ৬ থেকে ৭ লাখ টাকা। অথচ সরকার নির্ধারিত ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। এর আগে ২০২৪ সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে সরকার অভিবাসন ব্যয় নির্ধারণ করেছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। যদিও কোনো কর্মী ৫-৬ লাখ টাকার কমে যেতে পারেননি বলে জানান রিক্রুটিং এজেন্সির ওই মালিক।
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় যৌক্তিক নয় বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা বাস্তবসম্মত নয়। কারণ এ পরিমাণ অর্থের চেয়ে কর্মীদের অনেক বেশি টাকা দিতে হবে এবং রিক্রুটিং এজেন্সিগুলোকেও অতিরিক্ত অর্থ নিতে বাধ্য হতে হবে।’
ফখরুল ইসলাম আরো বলেন, ‘অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তবে এজন্য একটি যৌক্তিক ব্যয় নির্ধারণ করে তা বাস্তবায়ন করতে হবে, যাতে কোনো পক্ষ অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে এবং কর্মীদেরও নির্ধারিত ব্যয়ের বাইরে টাকা দিতে না হয়। এ ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ডিজিটাল পদ্ধতি ছাড়া অভিবাসন ব্যয় কখনই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় গত ২৮ আগস্ট, দেশটির অনলাইন প্লাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) মাধ্যমে। এতে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলসহ ২৫টি বেসরকারি এজেন্সি এবং তাদের অধীনে ৩১২টি রিক্রুটিং এজেন্সি তালিকাভুক্ত হয়। সব মিলিয়ে এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে ৩৩৮টি প্রতিষ্ঠান। তবে জনশক্তি রফতানি খাতসংশ্লিষ্টদের একাংশ এ ব্যবস্থাকেও আগের বছরের মতো ‘নতুন সিন্ডিকেট’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে। মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন গত ২ নভেম্বর বোয়েসেলের কাছে চাহিদাপত্র পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। লটারির মাধ্যমে দুটি পদের বিপরীতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দলও বাংলাদেশে এসেছে। তারা ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা নেবে।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় কর্মী বাছাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ৩১ অক্টোবর থেকে বেসরকারি এজেন্সিগুলোর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শুরুর ঘোষণা দেয়া হয়। এরপর থেকেই মালয়েশিয়াগামী কর্মীদের ভিড় বাড়তে থাকে বিভিন্ন মেডিকেল সেন্টারে। এমনকি অনেক এজেন্সি কর্মীদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ও শুরু করেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর স্থানীয় এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে দেশটিতে পাঠানোর প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও শ্রমবাজার চালুর খবর পেয়ে তিনি ওই দালালের কাছে পাসপোর্ট জমা দেন। ৬ লাখ টাকায় বিদেশ যাওয়ার চুক্তি হয় তাদের মধ্যে। তবে মেডিকেল পরীক্ষার আগেই ৫০ হাজার টাকা এবং পরে আরো ৪০ হাজার টাকা দিয়েছেন তিনি। কিন্তু এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা থাকলেও এখনো তা হয়নি।
সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় বেসরকারি একটি এজেন্সিও মানবে না বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নিজেও মনে করেন। তিনি বলেন, ‘গত ১০ বছরে যারা বিদেশে গেছেন, সরকার নির্ধারিত ফিতে বেসরকারি একটা প্রতিষ্ঠানও পাঠায়নি।’
তিনি বলেন, ‘সরকারিভাবে (মালয়েশিয়ায়) যাওয়ার জন্য যে ১ লাখ ৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আমরা যতদূর জানি, এ প্রক্রিয়ায় বেসরকারি এজেন্সির যে খরচ সেক্ষেত্রে হয়তো এ ফিতে পাঠানো তাদের পক্ষে ডিফিকাল্ট হবে। মন্ত্রণালয় নির্ধারিত ফিতে যদি এজেন্সিগুলো না পাঠাতে পারে, আমার মনে হয় তাদের উচিত একটা রিজনেবল ফি নির্ধারণের জন্য মন্ত্রণালয়কে জানানো।
আমরা এজেন্সিগুলোর সঙ্গে কয়েকদিন আগে একটা মিটিং করেছিলাম, সেখানে কেউ কেউ ২ থেকে ৩ লাখ টাকার কথা বলেছেন। আমরা সরকারি হিসাবে দেখেছি যে এ টাকায় পাঠানো যায়। এখন রিক্রুটিং এজেন্সিগুলোর পক্ষ থেকেও জানানো দরকার যে তারা এ টাকায় পাঠাতে পারবে কিনা।’