শিরোনাম
◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগে নতুন করে আরও ৫০ জন প্রার্থীকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার বোয়েসেলের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগে নির্বাচিত ৩০০ জনের বাইরে থাকা আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন ৫০ জনকে বাছাই করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নির্বাচিত কর্মীরা দেশটির ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এই নিয়োগের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতি বা লটারির মাধ্যমে প্রথম ধাপে ৩০০ জনকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়।

Advertisement

তবে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন উপস্থিত হননি। ফলে শূন্য থাকা সুযোগ পূরণে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো আয়োজনটি বোয়েসেলের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ে লাইভ সম্প্রচার দেখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

কোন পদে নিয়োগ দেওয়া হবে?

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মোট ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে কাজ করতে হবে।

প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করতে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। দলটি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।

বোয়েসেল জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ দিতে হবে না। মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানই কর্মী নিয়োগ ও বিদেশে পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করবে।

  • সর্বশেষ