নিজস্ব প্রতিবেদক : শুরুতেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল ভুটান। ভিএআরের দুটি সিদ্ধান্তও যায় তাদের পক্ষে। তবে শেষ পর্যন্ত ভারতের জয় আটকাতে পারেনি তারা। ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়নরা।
শনিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে জয়ের সুবাদে ১৪তমবারের মতো সাফের ফাইনালে উঠল ভারত। ২০১৮ সালের আসর ছাড়া প্রতিবারই ফাইনাল খেলেছে দলটি।
ম্যাচের অষ্টম মিনিটেই ভারতকে এগিয়ে দেন বিষ্ণু পুথিয়াল। লুঙ্গদিমের ফ্রি-কিক থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ২৭তম মিনিটে কর্নার থেকে বক্সের ভেতর কনশ্যাম সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারত।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। ৪৮তম মিনিটে অধিনায়ক চেনচো গাইয়েলতসেনের পাস থেকে হেডে ব্যবধান কমান কিনজ্যাং তাশি টবডেন। অফসাইডের কারণে প্রথমে গোলটি বাতিল হলেও ভিএআরে সিদ্ধান্ত বদলান রেফারি।
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ব্যবহৃত ভিএআর আলোচনায় আসে ৬৫ মিনিটেও। হ্যান্ডবলের কারণে ভারত পেনাল্টি পেলেও ভিডিও পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভুটান। তবে দেইচং দর্জির হেড পাস থেকে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি কিনজ্যাং তেনজিং।