চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানির মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে পাঠানোর কথা বলা হলেও, মূলত স্থানীয় বাজার থেকে ভিন্ন পণ্য সংগ্রহ করে তা পাচারের পাঁয়তারা করছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।
কাস্টমস সূত্রে জানা গেছে, এ জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রতিরোধ দল।
এ সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিলকো অ্যালয়েজ লিমিটেডের (NIALCO ALLOYS LIMITED) একটি রপ্তানি চালান শতভাগ পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটি পরীক্ষা করে ঘোষিত পণ্যের পরিবর্তে ১০টি জাহাজের কাটা পাখা পাওয়া যায়।
চালানটিতে বাছাইকৃত তামা (সোর্টেড কপার) রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল। এর বিপরীতে রপ্তানি পণ্যের ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। পণ্যগুলো জাপানে পাঠানোর কথা ছিল।
কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিলকো অ্যালয়েজ লিমিটেড বন্ড সুবিধার আওতায় কাঁচামাল হিসেবে তামার স্ক্র্যাপ ও তামার সংকর ধাতুর স্ক্র্যাপ আমদানি করে। এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত বাছাইকৃত তামা রপ্তানির জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি চালানটি দাখিল করে।
তবে কায়িক পরীক্ষায় দেখা যায়, ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগ্রহ করা ১০টি জাহাজের কাটা পাখা রপ্তানির চেষ্টা করা হয়েছে। অর্থাৎ, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্যের পরিবর্তে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য রপ্তানির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
কাস্টমস কর্তৃপক্ষের ভাষ্য, প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির চেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে সরকারের আনুমানিক ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে।
এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনবিআর জানিয়েছে।