শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক

সাইবার অপরাধের বড় হাতিয়ার হয়ে উঠেছে অন্যের নামে নিবন্ধিত অবৈধ মোবাইল সিমকার্ড। এসব সিম ব্যবহার করে সবচেয়ে বেশি হচ্ছে বহুমুখী প্রতারণা। এরপর রয়েছে অনলাইন জুয়া। এ ছাড়া মাদক, চোরাচালান ও চাঁদাবাজির অর্থ লেনদেনেও ব্যবহার করা হচ্ছে এসব সিম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ গত প্রায় এক বছরে লক্ষাধিক অবৈধ সিমকার্ড জব্দ করেছে। গ্রেপ্তার করেছে একাধিক চক্রের সদস্যদের। তবে একের পর এক অভিযান সত্ত্বেও বন্ধ হচ্ছে না অবৈধ সিম ব্যবহার করে সংঘটিত সাইবার অপরাধ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মোবাইল অপারেটর ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অসহযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশের কারণে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন আমাদের সময়কে বলেন, সাইবারকেন্দ্রিক প্রতারণার লাগাম টানতে ডিএমপিতে গোয়েন্দা পুলিশ এবং এসআরইউ বিভাগ কাজ করছে। প্রতারকচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে। সাইবার অপরাধ থেকে রক্ষায় তিনি মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানান।

জানা গেছে, অবৈধ সিম ব্যবহার করে প্রতারণার জন্য গড়ে উঠেছে একাধিক সংঘবদ্ধ চক্র। হাজার হাজার সিমকার্ড ও ভিওআইপি এসএমএস গেটওয়ের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোনে পাঠানো হয় নানা প্রলোভনমূলক বার্তা। কখনও বোনাস, পুরস্কার, সরকারি অনুদান ও উপবৃত্তি; কখনও অনলাইন জুয়া, পার্টটাইম চাকরি কিংবা জামানত ছাড়া ঋণের প্রস্তাব দেওয়া হয়। ফেসবুকে শেয়ারবাজারে বিনিয়োগের বিজ্ঞাপন দিয়ে কম দামে শেয়ার কিনে বেশি লাভের আশ্বাসও দেওয়া হচ্ছে। স্বল্প খরচে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়েও চলছে প্রতারণা।

Advertisement

এসব অপরাধে শুধু অবৈধ সিম ব্যবহার হচ্ছে না, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ লেনদেনেও ব্যবহার করা হচ্ছে অন্যের নামে নিবন্ধিত সিমে খোলা বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং হিসাব। অথচ যার জাতীয় পরিচয়পত্রে সিম নিবন্ধিত, তিনি অনেক সময় জানেনই না তার নামে অতিরিক্ত সিম চালু রয়েছে কিংবা সেই সিম ব্যবহার করে মোবাইল ব্যাংকিং হিসাব খুলে অপরাধ পরিচালনা করা হচ্ছে।

একাধিক সূত্রে জানা গেছে, অসাধু সিম রিটেইলার ও ডিস্ট্রিবিউটররা বাড়তি মুনাফার আশায় গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপের ডিজিটাল তথ্য সংরক্ষণ করে। পরে গ্রাহকের অজান্তে অতিরিক্ত সিম নিবন্ধন করে তা অপরাধীদের কাছে বেশি দামে বিক্রি করে।

সিম বিক্রির সময় সার্ভারে সমস্যা কিংবা আঙুলের ছাপ না মেলার অজুহাতে একাধিকবার গ্রাহকের আঙুলের ছাপ নেওয়া হয়। এ সুযোগে তার অজান্তেই নিবন্ধন করা হয় একাধিক সিম। হাটবাজার, পাড়া-মহল্লার দোকানের পাশাপাশি বিভিন্ন মেলায় কম দামে সিম বিক্রির আড়ালেও চলে এ ধরনের কর্মকাণ্ড। এ ছাড়া ভুয়া প্রতিষ্ঠানের নামে করপোরেট সিম, মৃত ব্যক্তি ও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার এবং দীর্ঘদিন অব্যবহৃত সিম পুনরায় সচল করে অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়। কোথাও কোথাও বিশেষ যন্ত্রের মাধ্যমে আঙুলের ছাপের নকল তৈরি করে সিম নিবন্ধনের অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক হাত ঘুরে প্রতারণার কাজে ব্যবহৃত অবৈধ সিম পৌঁছায় ভিওআইপি গেটওয়ে পরিচালনাকারীদের কাছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব সিমের চালান পাঠানো হয়। সিম সরবরাহকারীদের মধ্যে বিভিন্ন মোবাইল অপারেটরের ডিস্ট্রিবিউটর রয়েছেন। এ প্রক্রিয়ায় অপারেটরদের কোনো কোনো কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

গত ৭ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চীনের পাঁচ নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের টিম। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয় নামে দুই বাংলাদেশি রয়েছেন। তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিমকার্ড, ৫১টি মুঠোফোন ও ২১টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস জব্দ করা হয়।

একই টিম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও কুড়িলের দুটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ২১ হাজার সিমকার্ড, ১০টি ভিওআইপি এসএমএস গেটওয়ে মেশিন ও একটি ল্যাপটপ উদ্ধার করে। এ সময় নিয়াজ মাসুম জয়কে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের একই টিম পৃথক পৃথক অভিযানে লক্ষাধিক অন্যের নামে নিবন্ধিত সিম জব্দ করেছে।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গত ৭ জানুয়ারি ৫১ হাজার সিমসহ গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারের কিছুদিন পরই তারা জামিনে বেরিয়ে এসে আবার একই অপরাধে জড়ান।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেলের অবৈধ সিম ভিওআইপি এসএমএস গেটওয়েতে সংযুক্ত করে প্রতারণার কার্যক্রম চালায় চক্রগুলো। এরপর বিভিন্ন অপারেটর থেকে বাল্ক এসএমএস কিনে গ্রাহকদের কাছে পাঠানো হয় প্রলোভনমূলক বার্তা। এসব বার্তায় পার্টটাইম চাকরি, লটারি জেতা, সরকারি অনুদান, উপবৃত্তি, স্বল্প বিনিয়োগে অধিক মুনাফা কিংবা জামানত ছাড়া ঋণের প্রস্তাব দেওয়া হয়।

বার্তার সঙ্গে থাকা লিংকে প্রবেশ করলে গ্রাহককে টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে যুক্ত করা হয়। সেখানে নানা কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। ভুল করে টাকা পাঠানোর কথা বলে ভুয়া বার্তার মাধ্যমেও অর্থ আদায় করা হচ্ছে। আবার মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে অ্যাকাউন্ট ব্লক কিংবা হালনাগাদের কথা বলে ওটিপি ও গোপন পিন নম্বর হাতিয়ে নেয় প্রতারকরা। এরপর মুহূর্তের মধ্যে অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নেয় তারা।

শেয়ারবাজারে কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রির প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আলী আশরাফের কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। ফেসবুকে বিজ্ঞাপন দেখে বিনিয়োগে আগ্রহী হওয়ার পর তাকে যুক্ত করা হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে একজন নারী শেয়ারবাজারের বিভিন্ন তথ্য ও পরামর্শ দিতে থাকেন। তার পরামর্শে একটি অ্যাপ ইনস্টল করে ধাপে ধাপে তিনটি ব্যাংক হিসাবে মোট ১৮ লাখ ২ হাজার ৯০০ টাকা জমা দেন আশরাফ।

কিছুদিন পর অ্যাপে তার বিনিয়োগের বিপরীতে মুনাফাসহ ৪৩ লাখ ৬ হাজার ৭৯৫ টাকা ৬৩ পয়সা জমা হয়েছে বলে দেখানো হয়। কিন্তু সেই টাকা তুলতে গেলে তাকে জানানো হয়, তার নামে ১২ লাখ টাকা ঋণ বরাদ্দ হয়েছে। ওই ঋণ পরিশোধ না করলে অ্যাকাউন্টের টাকা তোলা যাবে না। তখনই তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।

আকর্ষণীয় বেতনে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হয়েছেন আরাফাত নামের এক কলেজশিক্ষার্থী। তিনি জানান, চাকরির প্রস্তাব দিয়ে তার মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হয়। ওই বার্তার লিংকে ক্লিক করলে তাকে টেলিগ্রাম অ্যাপে নিয়ে যাওয়া হয়। পরে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২১ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, এসব প্রতারণা সংঘবদ্ধভাবে কয়েকটি ধাপে পরিচালিত হয়। একটি গ্রুপ অবৈধ সিম ও ভিওআইপি গেটওয়ে ব্যবহার করে মানুষের কাছে এসএমএস পাঠায়। অন্য একটি গ্রুপ প্রতারণার কার্যক্রমের অর্থের জোগান দেয়। আরেকটি গ্রুপ প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ সংগ্রহ ও লেনদেনের দায়িত্ব পালন করে। হাতিয়ে নেওয়া অর্থের একটি অংশ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হয়। ফলে শুধু সিম জব্দ কিংবা কয়েকজনকে গ্রেপ্তার করে এ অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।

সূত্র : দৈনিক আমাদের সময় 

  • সর্বশেষ