মনিরুল ইসলাম: দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের প্রথমার্ধে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি কমিশনার জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
সানাউল্লাহ বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে বা নির্বাচনী চক্রের মধ্যে পড়বে, সেগুলোর নির্বাচন আগামী ২৭ মের মধ্যে সম্পন্ন করা হবে। সব জেলায় একই সঙ্গে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হওয়ার কথা ছিল বা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।
ভোটের তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে। সাধারণত সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে কমিশন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করা হবে। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।